পুলিশ দেখে পালাতে গিয়ে পুকুরে ডুবে আসামির মৃত্যু
নোয়াখালীর চৌমুহনী শহরে পুলিশ দেখে পালাতে গিয়ে পুকুরে ডুবে মাদক মামলার এক আসামির মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. খোকন (৪০)। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহরের পৌর করিমপুর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত খোকন ওই এলাকার ‘আমিনারগো বাড়ির’ মৃত জয়নাল আবদিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্য, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সাদাপোশাকের কয়েকজন পুলিশ ওই বাড়ির পাশের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় পুলিশ দেখে পালানোর সময় খোকন বাড়ির সামনের পুকুরে পড়ে যান। তাঁর সঙ্গে থাকা অপর দুজন পালিয়ে যান। এ ঘটনার পর পুলিশ চলে যায়। পরে স্থানীয় লোকজন পুকুর থেকে খোকনকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নোয়াখালীর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জসিম উদ্দিন চৌধুরী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, পুলিশ দেখে দৌড়ে পালাতে গিয়ে খোকন পুকুরে ডুবে মারা গেছেন। নিহত খোকন পেশাদার মাদক ব্যবসায়ী ছিলেন। তাঁর বিরুদ্ধে মাদকসহ পাঁচ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।