পুলিশ দেখে পালানোর চেষ্টা, বাসচাপায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ দেখে পালিয়ে যাওয়ার সময় যাত্রীবাহী বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নওগাঁর মহাদেবপুর উপজেলায় গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে।
নওহাটা ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক পবিত্র কুমার গাড়ির কাগজপত্র যাচাইয়ের জন্য গতকাল বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের মহাদেবপুর উপজেলার হিন্দু বাঘা সেতু এলাকায় তল্লাশি চৌকি বসান। এ সময় ওই সড়ক দিয়ে মান্দা উপজেলার শামুকখোলা গ্রামের আনোয়ার হোসেনসহ (৩২) তিন আরোহী একটি নিবন্ধনহীন মোটরসাইকেলে করে নওগাঁ যাচ্ছিলেন। সেতু এলাকায় এসে আনোয়ার পুলিশ দেখতে পেয়ে মোটরসাইকেল উল্টো দিকে নেওয়ার চেষ্টা করছিলেন। এ সময় একটি বাস তাঁদের চাপা দেয়। এতে আনোয়ার হোসেন নিহত এবং অপর দুই আরোহী আহত হন। মহাদেবপুর থানার ওসি আব্দুর রশিদ জানান, পুলিশ দেখে পালিয়ে যাওয়ার সময় ওই ঘটনা ঘটেছে কি না তা খতিয়ে দেখতে হবে। অপর এক ঘটনায় গতকাল বেলা পৌনে ১১টার দিকে রাজশাহীর মোহনপুরের বড়াইল উচ্চবিদ্যালয়ের পাশে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে চালকের সহকারী আলমগীর হোসেন (৩০) নিহত হন এবং ২০ জন আহত হন।