পুলিশ দেখে বর পালাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কনের বাড়ি জমজমাট। সকাল থেকে চলছে রান্নাবান্না। সবে দুপুর গড়িয়েছে। এমন সময় ‘বর এসেছে’ ‘বর এসেছে’ রব। কনেপক্ষের মধ্যে শুরু হয়ে যায় বরবরণের তৎপরতা। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে পুলিশ হাজির। কেউ কিছু বুঝে ওঠার আগেই বর ও তাঁর স্বজনেরা উধাও। কারণ, তাঁরা বুঝেছিলেন, অপ্রাপ্ত বয়স্ক মেয়ের সঙ্গে তাঁদের ছেলের বিয়ে দেওয়া হবে অপরাধ। কনে সেজে বসে থাকা মেয়েটির বয়স ছিল মাত্র ১৩। ফেনীর সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের মধ্যম চারচান্দিয়া ডাক্তারপাড়ায় গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। বর পালিয়ে যাওয়ায় বিয়েটি আর হয়নি। এলাকাবাসী জানায়, পারিবারিক পর্যায়ে দুই পক্ষের কথাবার্তার মাধ্যমে ডাক্তারপাড়ার এক স্কুলছাত্রীর সঙ্গে পার্শ্ববর্তী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের চর বড়ধলি গ্রামের মোহামঞ্চদ আলীর ছেলে মহিউদ্দিনের (২৫) বিয়ে ঠিক হয়। চান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুদ্দিন আহমঞ্চদ জানান, সন্তানের জন্ম নিবন্ধন সনদে মেয়েটির মা বয়স বাড়ানোর আবেদন নিয়ে এলে বিষয়টি জানাজানি হয়। কম বয়সী মেয়েকে বিয়ে দিতে নিষেধ করা হয়। কিন্তু মেয়ের পরিবার সেই কথায় কান না দিয়ে বিয়ের দিন ধার্য করে। সোনাগাজী থানার উপপরিদর্শক (এসআই) মোতাহার হোসেন জানান, বাল্যবিবাহের খবর শুনে তাঁরা বিয়েবাড়িতে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে বর ও তাঁর আত্মীয়রা পালিয়ে যান।