পুলিশ দেখে বিয়ের আসর থেকে দৌড় দিল বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর সিদ্দিকুর রহমান (২৭) খোশমেজাজেই বসে ছিলেন বিয়ের আসরে। কনে প্রিয়া আক্তারের (১২) সঙ্গে শিগগিরই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে তাঁর। এমন সময় সেখানে বিনা নোটিশে হাজির হলো একদল পুলিশ। বাল্যবিবাহের খবর পেয়ে তারা সেখানে হাজির। সঙ্গে সঙ্গে মিটে গেল সিদ্দিকুরের বিয়ের সাধ। তড়াক করে উঠে দাঁড়িয়ে তিনি ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে শুরু করলেন। এক দৌড়ে পগারপার। সঙ্গে তাঁর স্বজনেরাও দৌড়ে পালাল। এভাবে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল শিশু প্রিয়া। গত বুধবার কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ষাটিয়াদী গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার দুপুরে ষাটিয়াদী গ্রামের সৌদিপ্রবাসী শহিদুল্লার বাড়িতে তাঁর মেয়ে পাটুয়াভাঙা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী প্রিয়ার সঙ্গে একই উপজেলার সালংকা গ্রামের সৌদিফেরত যুবক সিদ্দিকুরের বিয়ের আয়োজন চলছিল। ওই গ্রামের দুই বৃদ্ধ গোপনে এই বাল্যবিবাহের খবর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেগম লুত্ফুন নাহারকে জানান। ইউএনও বিষয়টি পাকুন্দিয়া থানার পুলিশকে জানালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক সঙ্গে সঙ্গে একদল পুলিশ ঘটনাস্থলে পাঠান।ওসি মোজাম্মেল হক জানান, পুলিশ দেখে ভয়ে বর ও তাঁর স্বজনেরা দৌড়ে পালায়। পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মেয়ের অভিভাবকের কাছ থেকে মুচলেকা আদায় করা হয় যে বিয়ের স্বাভাবিক বয়স না হওয়া পর্যন্ত তাঁরা মেয়ের বিয়ে দেবেন না।উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম লুত্ফুন নাহার জানান, ‘ওই গ্রামের দুই বৃদ্ধের মাধ্যমে বাল্যবিবাহের খবর পেয়ে তা বন্ধ করতে ব্যবস্থা নিই।’