পুলিশ দেখেই দৌড়, জাপটে ধরে মিলল ৭ কেজি সোনা

যানজটে পড়ে কপাল পুড়ল সোনা পাচারকারী সাহাবুদ্দিন, আবুল কাশেম ও মো. শাহীনের। আজ বেলা তিনটার দিকে রাজধানীর বনানী ১১ নম্বর রোডে ব্যস্ত রাস্তায় তাঁদের বহনকারী প্রাইভেটকারটি ধাক্কা দেয় পাশের একটি সিএনজিচালিত অটোরিকশাকে। এরপর চলে দুই পক্ষের মধ্যে বাগিবতণ্ডা। পাশের চেকপোস্টের দায়িত্বরত পুলিশ সদস্যরা আসেন পরিস্থিতি সামাল দিতে। কিন্তু রাস্তার পাশে থাকা একজনের হাতে কালো ছোট ব্যাগ দেখে সন্দেহ হয় উপপরিদর্শক (এসআই) শফিউল আজমের। তাঁকে দেখে ব্যাগ হাতে দৌড় দেন পাচারকারী সাহাবুদ্দিন। কিন্তু বিধি বাম! এসআই শফিউল জাপটে ধরেন সাহাবুদ্দিনকে। অন্য পুলিশ সদস্যরা ধরে ফেলেন আবুল কাশেম ও মো. শাহীনকে। আর ব্যাগটির ভেতর পাওয়া যায় টেপ মোড়ানো অবস্থায় ৬০টি সোনার বার। এসব সোনার ওজন সাত কেজির বেশি, যার বর্তমান বাজারমূল্য প্রায় সোয়া তিন কোটি টাকা।
এসআই শফিউল আজম প্রথম আলোকে বলেন, আটক হওয়া ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন চট্টগ্রাম থেকে সোনার বারগুলো ঢাকার মালিবাগে নিয়ে যাচ্ছিলেন। এঁদের তিনজনেরই বাড়ি কুমিল্লা জেলায়।
পরে ওই ব্যাগ থেকে সোনার ৬০টি বার উদ্ধার করা হয়। একেকটি বারের ওজন ১১ তোলা।
এর আগে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে ৩০টি সোনার বারসহ এক ব্যক্তিকে আটক করে শুল্ক গোয়েন্দা বিভাগ। তিন কেজি ওজনের ওই সোনার দাম প্রায় এক কোটি ৩৫ লাখ টাকা।
এসব সোনাসহ আটক ব্যক্তির নাম সিয়াম আহমেদ। তিনি মালয়েশিয়া থেকে ঢাকায় আসেন।