পুলিশ দোষ খুঁজে পেল বিএনপির সাবেক দুই সাংসদের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারে যাওয়ার পথে ফেনীতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা হয়। প্রথম আলো ফাইল ছবি
কক্সবাজারে যাওয়ার পথে ফেনীতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা হয়। প্রথম আলো ফাইল ছবি

খালেদা জিয়া কক্সবাজার যাওয়ার পথে ফেনীর ফতেপুরে তাঁর বহরের সঙ্গে থাকা সাংবাদিকদের গাড়িতে ভাঙচুর ও হামলার ঘটনায় বিএনপির সাবেক দুই সাংসদের দোষ খুঁজে পেয়েছে পুলিশ। এ ঘটনায় গত মঙ্গলবার পুলিশের পক্ষ থেকে করা মামলার এজাহারে বিষয়টি উল্লেখ করা হয়েছে। পুলিশের দাবি, বিএনপির সাবেক সাংসদ জয়নাল আবেদীন (ভিপি জয়নাল) এবং রেহানা আক্তার রানুর মধ্যে বিরোধের কারণে ওই হামলা হয়।

মামলাটি হয়েছে ফেনী সদর মডেল থানায়। এজাহারে দুই সাংসদের বিরোধের কথা উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে। মামলার বাদী ফেনী জেলা আদালতের পুলিশ পরিদর্শক এ কে নজিবুল ইসলাম। তিনি গত ২৮ অক্টোবর ফেনীর ফতেপুর ও আশপাশের এলাকায় (খালেদা জিয়ার গাড়িবহর যে পথ দিয়ে গেছে) নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

এদিকে ফেনীর মহিপালে দুটি বাস পুড়িয়ে দেওয়ার ঘটনায় ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বুধবার বিকেলে ফেনী সদর মডেল থানায় পুলিশ বাদী হয়ে এ মামলা করে। এতে ফেনী জেলা ছাত্রদলের সভাপতি নঈম উল্যাহ চৌধুরীসহ ২৫ নেতা-কর্মীসহ ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতপরিচয় ব্যক্তিরাসহ এ মামলায় মোট আসামি ৬৫ জন।

কক্সবাজার থেকে ঢাকায় ফেরার পথে মঙ্গলবার বিকেলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহর মহিপাল পার হওয়ার সময় পেট্রোলবোমা ছুড়ে দুটি বাস পুড়িয়ে দেওয়া হয়। পরে পুলিশ পুড়ে যাওয়া বাস দুটির চালক, সহকারী, পরিবহন-শ্রমিকনেতা এবং ছাত্রদলের এক কর্মীসহ ছয়জনকে আটক করে। মামলায় এই ছয়জনকেও আসামি করা হয়েছে বলে জানান ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুরী।

পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় পরস্পরকে দায়ী করে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে ফেনী জেলা আওয়ামী লীগ ও জেলা বিএনপি। গতকাল দুপুরে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ নিজাম উদ্দিন হাজারী।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, বিএনপির নেতা-কর্মীরা সাংবাদিকদের গাড়িতে হামলা করে একটি ইস্যু তৈরির চেষ্টা করেন। বিএনপির স্থানীয় অন্তঃকোন্দলের কারণে এ ঘটনা ঘটেছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজাম হাজারী বলেন, এ হামলায় যারাই জড়িত থাকুক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষী ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে। হামলার ঘটনায় বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার ফুটেজে যাদের ছবি দেখা গেছে, তাহলে তারা কারা—এই প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা হামলাকারীদের প্রতিহত করতে সেখানে যান। চট্টগ্রামের এক বিএনপি নেতা এবং ফেনীর কালীদহ ইউনিয়ন ছাত্রদলের এক কর্মীকে গ্রেপ্তার করলেই হামলার পরিকল্পনা সম্পর্কে জানা যাবে বলে মন্তব্য করেন তিনি।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান, সহসভাপতি আকরামুজ্জামান, জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবীর, সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীলসহ অনেকে উপস্থিত ছিলেন।

এদিকে গতকাল সন্ধ্যায় জেলা শহরের ইসলামপুর রোডে দলের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। এতে সাংবাদিকদের গাড়িতে হামলা এবং দুটি বাস পুড়িয়ে দেওয়ার ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করেন দলটির নেতারা।

সংবাদ সম্মেলনে বিএনপির সাবেক দুই সাংসদ ভিপি জয়নাল এবং রেহানা আক্তার রানু উপস্থিত ছিলেন। তাঁরা দুজনই দলে বিরোধ নেই বলে জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন। এ সময় জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু তাহের, সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে বলা হয়, এ যুগে কোনো ঘটনা সহজে লুকিয়ে রাখা যায় না, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় যাঁদের ছবি দেখা গেছে তাঁরা সবাই আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মী বলে দাবি করেন তাঁরা। ২৮ অক্টোবর সাংবাদিকদের ওপর হামলা ও ৩১ অক্টোবরে বাস পোড়ানোর ঘটনায় পুলিশের করা মামলাকে আইনের শাসনের পরিপন্থী হিসেবে উল্লেখ করেন বিএনপি নেতারা। তাঁরা বলেন, পুলিশ প্রকৃত ঘটনাকে আড়াল করতে এবং সন্ত্রাসীদের রক্ষা করার জন্য কাল্পনিক মামলা করেছে।