পুলিশ নব্য সন্ত্রাসী হিসেবে আবির্ভূত হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, পুলিশ এখন নব্য সন্ত্রাসী হিসেবে আবির্ভূত হয়েছে। তারা কয়েক দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুল কাদেরকে সন্ত্রাসী বানিয়ে পিটিয়ে-কুপিয়ে গুরুতর আহত ও তাঁর নামে ডাকাতি মামলা দিয়েছে। এরপর নোয়াখালীতে ১৬ বছরের এক কিশোরকে গণপিটুনির নামে হত্যা করেছে।গতকাল সোমবার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে মির্জা ফখরুল এ অভিযোগ করেন। তিনি বলেন, দেশ এখন দানবীয় রাষ্ট্রে পরিণত হয়েছে। দেশে আর আইনের শাসন বলে কিছু নেই। সরকারদলীয়রা শুধু সুপ্রিম কোর্টসহ সারা দেশে বিরোধীদলীয় নেতা-কর্মীদের ওপর পৈশাচিক নির্যাতন চালাচ্ছে। সরকার পুলিশকে ব্যবহার করে দেশের গণতন্ত্রকে ধ্বংস করছে। বিএনপির সাংসদ সৈয়দা আশিফা আশরাফী পাপিয়াসহ গ্রেপ্তার হওয়া তিন আইনজীবীর মুক্তি ও সুপ্রিম কোর্টে হট্টগোলের ঘটনায় ১৩ আইনজীবীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে এ সমাবেশ করা হয়। মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে সমাবেশে সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, এম ইলিয়াস আলী, মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, যুবদলের সভাপতি সৈয়দা মোয়াজ্জেম হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি মিছিল বিজয়নগর হয়ে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।