পুলিশ নিউজের উদ্বোধন করলেন আইজিপি
পুলিশের অর্জন ও ইতিবাচক বাংলাদেশকে তুলে ধরতে একটি নিউজ পোর্টাল (news.police.gov.bd) উদ্বোধন করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।
আজ বুধবার দুপুরে পুলিশ সদর দপ্তরে এই নিউজ পোর্টালের উদ্বোধন করেন বেনজীর আহমেদ। সাংবাদিকতার ‘গোল্ডেন রুলস’ অনুসরণ করে পোর্টালটিতে সংবাদ পরিবেশন করা হবে বলেও জানান তিনি। এখানে মূলত পুলিশ সদস্যরাই নিউজ করবেন। পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমের সংবাদগুলো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নাম দিয়ে ছাপানো হবে।
বেনজীর আহমেদ বলেন, বাংলাদেশ পুলিশ অবাধ তথ্যপ্রবাহে বিশ্বাস করে। এরই অংশ হিসেবে নিউজ পোর্টালটি চালু করা হয়েছে। প্রাথমিকভাবে এটি বাংলায় চালু করা হয়েছে। পরবর্তী সময়ে এর ইংরেজি ভার্সন চালু করা হবে। পুলিশের অর্জনগুলো তুলে ধরা হবে এ পোর্টালে। পরিবেশন করা হবে ইতিবাচক সংবাদ। পোর্টালে দেশ-বিদেশের সাম্প্রতিক নিউজ ছাড়াও পুলিশের বিভিন্ন ইউনিটের অর্জনগুলো দ্রুততম সময়ে তুলে ধরা হবে। পুলিশ নিউজে মূলত পুলিশ সদস্যরাই নিউজ করবেন। পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে কথা বলে তাদের নিউজগুলো অনুমতি সাপেক্ষে ক্রেডিট দিয়ে ছাপানো হবে।
পুলিশ বাহিনীকে এগিয়ে নিতে ২০ বছর মেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে উল্লেখ করে আইজিপি বলেন, ‘২০৪১ সালে যদি আমরা ধনী রাষ্ট্র হওয়ার টার্গেট করি, তবে পুলিশকে ধনী রাষ্ট্রের উপযোগী বাহিনীতে রূপান্তর করতে হবে। এই প্রক্রিয়াটা হতে হবে সমান্তরাল। এরই মধ্যে ২০ বছরের একটি পরিকল্পনা নেওয়া হয়েছে। আমরা ধাপে ধাপে উন্নতি করতে চাই। সে ক্ষেত্রে প্রযুক্তি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। উন্নয়নশীল দেশের মধ্যে বাংলাদেশ প্রযুক্তির ব্যবহারে অনেক এগিয়ে। আমরাও প্রযুক্তিগত উন্নয়ন দুই ধাপে করার চেষ্টা করছি। একটি হলো অপারেশনাল কার্যক্রমকে আমরা যথাসম্ভব হাইটেকে রূপান্তর করছি। অপরটি হলো লজিস্টিক অপারেটর যেগুলো আছে, সেগুলোকেও কম্পিউটারাইজ করতে চাই, সফটওয়্যার নিয়ে আসতে চাই।’