পুলিশ নিশ্চিত, পরিবার জানে না
বাসায় চিরকুট রেখে সাত মাস আগে নিখোঁজ হয়ে যাওয়া ঢাকার মিরপুরের দুই তরুণই সীতাকুণ্ডে আত্মঘাতী বিস্ফোরণ ও গুলিতে মারা গেছেন বলে মোটামুটি নিশ্চিত পুলিশ। সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার এক নারী জঙ্গি ছবি দেখে নিহত ওই দুজনকে শনাক্ত করেন। তাঁরা হলেন আহমেদ রাফিদ আল হাসান ও আয়াদ হাসান। সম্পর্কে দুজন খালাতো ভাই। তবে দুজনের পরিচয় পুরোপুরি নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার কথা ভাবছে পুলিশ।
১৬ মার্চ চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার প্রেমতলা এলাকার ‘ছায়ানীড়’ বাড়িতে পুলিশের সোয়াটের (স্পেশাল উইপনস অ্যান্ড ট্যাকটিকস) অভিযানের সময় আত্মঘাতী বিস্ফোরণে ও গুলিতে নিহত হয় পাঁচজন। তাদের মধ্যে দুজনের পরিচয় শনাক্ত করা যাচ্ছিল না। এই অভিযানের আগের দিন ছায়ানীড় থেকে এক কিলোমিটার দূরে ‘সাধন কুটির’ নামের আরেকটি বাড়ি থেকে বোমা, অস্ত্র, বিস্ফোরকসহ দুই জঙ্গিকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন জসিম ওরফে জহিরুল ইসলাম ও তাঁর স্ত্রী আরজিনা ওরফে রাজিয়া সুলতানা। এই নারীই ওই দুই যুবককে ছবি দেখে শনাক্ত করেন বলে প্রথম আলোকে জানান চট্টগ্রাম রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শফিকুল ইসলাম।
গত বছরের ৯ আগস্ট ‘আমরা আমাদের পথ খুঁজে পেয়েছি, আমাদের চলে যাওয়ার জন্য আরেফিনকে দায়ী করো না’ লেখা চিরকুট রেখে রাফিদ ও আয়াদ নামের ১৮ বছরের ওই দুই তরুণ বাড়ি ছাড়েন। ‘ও’ লেভেল পরীক্ষা দিয়েছিলেন তাঁরা। দুজনই মিরপুরের পূর্ব মণিপুরের বাসিন্দা। আরেফিন তাঁদের মামাতো ভাই। তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। দুই তরুণ নিখোঁজ হওয়ার পর তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ। কিছু দিন কারাগারেও ছিলেন।
দুই তরুণকে নিয়ে গত বছরের ১২ অক্টোবর প্রথম আলোয় ‘চিরকুট রেখে একসঙ্গে বাড়ি ছাড়েন দুই খালাতো ভাই’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করা হয়।
রাফিদ ও আয়াদের নিখোঁজ হওয়ার দিনই আয়াদের মা মুনমুন আহমেদ মিরপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। বাসা ছাড়ার আগে তাঁরা তাদের মুঠোফোনের সিম খুলে রেখে যান। সঙ্গে দেড় লাখ টাকা এবং নিজেদের পাসপোর্ট নিয়ে যায়।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া জঙ্গি সুলতানা পুলিশকে বলেছেন, নিহত দুজনের মধ্যে একজন রাশেদ এবং অন্যজন হৃদয়। নিখোঁজ কয়েকজনের ছবি থেকে রাশেদ ও হৃদয়কে শনাক্ত করেন সুলতানা। কিন্তু এগুলো জঙ্গিদের সাংগঠনিক নাম হতে পারে। ওই দুই জঙ্গি হলেন মিরপুর থেকে নিখোঁজ আহমেদ রাফিদ আল হাসান ও আয়াদ হাসান।
ডিআইজি শফিকুল ইসলাম বলেন, কথিত রাশেদ ও হৃদয়ের ডিএনএ নমুনা সংরক্ষণ করা হয়েছে। এখন ঢাকা থেকে রাফিদ ও আয়াদের বাবা, মা ও ভাইয়ের ডিএনএ নমুনা নিয়ে তা পরীক্ষা করে মিলিয়ে দেখার প্রক্রিয়া চলছে।
কথিত রাশেদ ও হৃদয় এক সপ্তাহ আগে ছায়ানীড় বাড়িতে ওঠেন বলে ধারণা করছে পুলিশ। এর আগে দুজনে চট্টগ্রামের পটিয়ার একটি বাড়িতে চার মাস ছিলেন।
এ বিষয়ে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত উপমহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ সাখাওয়াত হোসাইন প্রথম আলোকে বলেন, ছায়ানীড় বাড়িটির একটি ফ্ল্যাট জানুয়ারি মাসে ভাড়া নেয় জঙ্গিরা। প্রথমে জসিম-আরজিনা দম্পতি বাসায় ওঠেন। ৭ মার্চ কুমিল্লায় দুই জঙ্গি ধরা পড়ার পর কথিত রাশেদ ও হৃদয় পটিয়ার ভাড়া বাসা ছেড়ে এখানে চলে আসেন। তবে ছায়ানীড়ের বাসায় এই দুই জঙ্গির যাতায়াত জানুয়ারি থেকেই ছিল।
কুমিল্লার চান্দিনায় ৭ মার্চ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসে তল্লাশি চালানোর সময় পুলিশের ওপর বোমা হামলা চালায় দুই জঙ্গি। পরে স্থানীয় লোকজনের সহায়তায় জসীম ও হাসান নামের ওই দুই জঙ্গিকে গ্রেপ্তার করে পুলিশ।
এদিকে নিখোঁজ রাফিদের মা নিলুফার ইয়াছমিন গতকাল রাতে মুঠোফানে প্রথম আলোকে বলেন, রাফিদ ও আয়াদ সীতাকুণ্ডে নিহত হয়েছে কি না, তা জানা নেই তাঁদের। গণমাধ্যমকর্মীদের কাছ থেকে এ ধরনের খবর তাঁরাও শুনেছেন । তবে পুলিশ এখনো তাঁদের এ বিষয়ে কিছু জানায়নি।