ঢাকার আশুলিয়ার বলিভদ্র এলাকায় গত সোমবার রাতে ঝুট ব্যবসা নিয়ে সংঘর্ষে নিহত রফিকুল ইসলামের পরিবারের লিখিত অভিযোগ গ্রহণ করেনি পুলিশ। পুলিশের দাবি, একই ঘটনায় আহত বিপ্লবের স্ত্রী মামলা করেছেন। তাতে রফিকুলকে হত্যারও বিষয়টিও আছে। একই ঘটনায় দুটি মামলা হতে পারে না।নিহত রফিকুল ও তাঁর স্ত্রী, ফুফাতো ভাই হাবিবুর রহমান ও চাচাতো ভাই সৌরভ আশুলিয়ার কুড়গাঁও এলাকায় থাকতেন। তাঁদের বাড়ি যশোরের অভয়নগর উপজেলায়। ঘটনার পরের দিন তাঁরা সবাই বাসায় তালা দিয়ে লাশ নিয়ে যশোর চলে যান। সৌরভ অভিযোগ করে বলেন, ‘ভাইয়ের মৃত্যুসংবাদ পেয়ে সোমবার রাতে আমরা দ্রুত সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে যাই। লাশটি তখন আশুলিয়া থানার শিক্ষানবিশ উপপরিদর্শক (পিএসআই) মনিরুজ্জামানের হেফাজতে ছিল। ওই কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি প্রথমে মৃত্যুর কারণ সড়ক দুর্ঘটনা বলে জানান। পরে ঝুট ব্যবসা নিয়ে বলিভদ্র এলাকায় দুই পক্ষের সংঘর্ষের সময় প্রতিপক্ষের হামলায় রফিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।’সৌরভ বলেন, ‘ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর পর সোমবার দিবাগত রাত সাড়ে চারটার দিকে আমরা থানায় মামলা করতে যাই। কিন্তু পুলিশ নানা অজুহাতে আমাদের মামলা করা থেকে বিরত রাখে। মামলা করতে ব্যর্থ হয়ে কুড়গাঁওয়ের বাসায় যাওয়ার পরপরই অপরিচিত কিছু লোকজন ওই এলাকায় অবস্থান নেয়। তারা মামলা করা থেকে বিরত রাখতে নানাভাবে আমাদের ভয় দেখাতে থাকেন। বিষয়টি পুলিশকে জানানো হলেও কোনো সহযোগিতা পাওয়া যায়নি। এ অবস্থায় মঙ্গলবার দুপুরে খোঁজ নিয়ে জানতে পারি, আশুলিয়া থানায় এ-সংক্রান্ত একটি মামলা হয়েছে। পুলিশ জানায়, একই বিষয়ে দ্বিতীয় কোনো মামলা করার সুযোগ নেই। এ অবস্থায় আমরা লাশ নিয়ে গ্রামের বাড়ি চলে আসি।’ রফিকুলের ফুপাতো ভাই হাবিবুর রহমান বলেন, ‘পুলিশ সরাসরি আমাদের কাছ থেকে মামলা না নেওয়ায় আমার ভাই হত্যার সুষ্ঠু বিচারের বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে।’ আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, সোমবারের ঘটনায় আহত বিপ্লবের স্ত্রী সেলিনা আক্তার একটি মামলা করেছেন। ওই মামলায় রফিকুল হত্যার বিষয়টিও উল্লেখ করা হয়েছে। এ কারণে রফিকুলের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দেওয়া হলেও তা গ্রহণ করার সুযোগ ছিল না। কারণ একই ঘটনায় দুটি মামলা নেওয়ার কোনো বিধান নেই।উল্লেখ্য, গত সোমবার আশুলিয়ার বলিভদ্র এলাকায় জাকির পক্ষ ও নজরুল পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে জাকির পক্ষের রফিকুল নিহত হন। গুলিবিদ্ধ হন সোহেলসহ দুজন।