চট্টগ্রাম আদালত ভবনে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) জঙ্গিদের বোমা হামলায় পুলিশ হতাহতের মামলায় সাক্ষ্য দিতে হাজির হচ্ছে না পুলিশ। সাক্ষী হাজির না হওয়ায় ঝুলে আছে মামলার বিচার।
সাক্ষীর অভাবে আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ করা না গেলে দায়দায়িত্ব পুলিশকেই বহন করতে হবে বলে এক আদেশে উল্লেখ করেছেন বিচারক। এই অবস্থায় আজ শনিবার এই ঘটনার নয় বছর পূর্ণ হচ্ছে।
২০০৫ সালের ২৯ নভেম্বর সকালে চট্টগ্রাম আদালত ভবনের পুলিশ চেকপোস্টের সামনে বোমা হামলা চালায় জঙ্গিরা। ঘটনাস্থলে মারা যান পুলিশ কনস্টেবল রাজীব বড়ুয়া ও ফুটবলার শাহাবুদ্দীন। আহত হন পুলিশ কনস্টেবল আবু রায়হান, সামসুল কবির, রফিকুল ইসলাম, আবদুল মজিদসহ ১০ জন।
ওই ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হলে পরের বছরের ১৮ মে ডিবির পরিদর্শক হ্লা চিং প্রু জেএমবির চট্টগ্রাম বিভাগীয় কমান্ডার জাবেদ ইকবাল ওরফে মোহাম্মদ ও বোমা তৈরির কারিগর জাহিদুল ইসলাম ওরফে বোমারু মিজানকে আসামি করে অভিযোগপত্র জমা দেন আদালতে। জাবেদ ইকবাল কারাগারে আটক রয়েছেন। বোমারু মিজান ময়মনসিংহের ত্রিশালে প্রিজন ভ্যান থেকে পালিয়ে যান।
নথিতে দেখা গেছে, মামলায় দীর্ঘদিন হাজির না হওয়া পুলিশ সাক্ষীরা হলেন তদন্ত কর্মকর্তা হ্লা চিং প্রু, এসআই জাবেদ মাসুদ, এম এ মোমেন, মঈন উদ্দিন, এসআই সানাউল্লাহ, আবুবক্কর সিদ্দিক, আবু রফিক ও মোফাজ্জল হোসেন। অন্যরা ঘটনার প্রত্যক্ষদর্শী সাধারণ ব্যক্তি।
তদন্ত কর্মকর্তা বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) চট্টগ্রাম অঞ্চলের সহকারী পুলিশ সুপার (এএসপি) হ্লা চিং প্রু বৃহস্পতিবার রাতে প্রথম আলোকে বলেন, ‘২০০৯ সালে সুদান থেকে দেশে ফেরার পর আমি কোনো সমন পাইনি। কীভাবে সাক্ষ্য দিতে যাব। এর আগে একবার সমন পেয়ে সাক্ষ্য দিতে গিয়েছিলাম। কিন্তু বিচারক না থাকায় সাক্ষ্য নেওয়া হয়নি।’
নথিতে রয়েছে, সাক্ষীরা না আসায় বিচারক এক আদেশে উল্লেখ করেছেন, ‘১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ১৭১(২) ধারা অনুযায়ী সাক্ষীদের আদালতে হাজির করার দায়িত্ব পুলিশের। সাক্ষীর অভাবে মামলা প্রমাণ করা না গেলে দায়দায়িত্ব সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে বহন করতে হবে।’
বর্তমানে মামলাটি প্রথম অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌসের আদালতে বিচারাধীন। নয় বছরে ৭৭ সাক্ষীর মধ্যে মাত্র ৩০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
জানতে চাইলে অতিরিক্ত মহানগর পিপি অশোক কুমার দাশ প্রথম আলোকে বলেন, ‘সাক্ষীদের হাজির করতে বলা হলেও পুলিশ তাদের হাজির করতে পারছে না। এতে বিচার কার্যক্রম থমকে আছে।’
সাক্ষীদের হাজির না হওয়া প্রসঙ্গে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান বলেন, ‘আগামী ধার্য তারিখে সাক্ষীদের হাজির করতে সবার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করা হচ্ছে।’