বিজ্ঞানমনস্ক লেখক অভিজিৎ রায় হত্যাকাণ্ডে পুলিশের ভূমিকা ও বাহিনীর প্রধানকে জড়িয়ে বিভিন্ন বক্তব্য পুলিশ সদস্যদের মনোবলে আঘাত হেনেছে বলে মনে করে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। যা সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় পুলিশের উদ্যম ও উৎসাহকে বাধাগ্রস্ত করবে।
গতকাল পুলিশের ক্যাডার কর্মকর্তাদের সংগঠন পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ বক্তব্য দেওয়া হয়। ওই বিজ্ঞপ্তিতে সই করেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান। এতে বলা হয়, পুলিশের তৎপরতাকে সামগ্রিকভাবে বিবেচনায় নেওয়া জরুরি। একটি ঘটনাকে (অভিজিৎ হত্যাকাণ্ড) বিবেচনায় নিয়ে সামগ্রিক কার্যক্রম মূল্যায়ন করলে পুলিশ সদস্যদের প্রতি অবিচার করা হবে। যা সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় পুলিশের উদ্যম ও উৎসাহকে বাধাগ্রস্ত করবে এবং এতে প্রকারান্তরে স্বার্থান্বেষী মহলই লাভবান হবে।
অভিজিৎ হত্যাকাণ্ডে পুলিশের ভূমিকার সমালোচনা করে গত শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম। তিনি বলেন, ‘অভিজিৎ হত্যা হলো পুলিশের নাকের ডগায়, সেটি কিন্তু গ্রহণযোগ্য নয়।’ ওই অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হকও উপস্থিত ছিলেন। গত সোমবার ধানমন্ডিতে ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত এক অনুষ্ঠানে আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক বলেন, ‘যিনি পুলিশ বাহিনীর প্রধান, তাঁর গাড়িতে দেখলাম তিনটা স্টার লাগানো। কিন্তু ওই স্টার যদি আমাদের সহযোগিতা না করে, তাহলে তার কোনো মূল্য আমাদের কাছে নেই। সাধারণ মানুষ স্টারের জন্য দৌড়ায় না, তারা চায় মাথার মগজ যেন রাস্তায় পড়ে না থাকে। তাঁর (আইজিপির) উচিত ছিল সেই দিনই পদত্যাগ করা।’
এসব বক্তব্যের পর গতকাল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পাঠানো ওই সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিজিৎ হত্যাকাণ্ডের পর সুশীল সমাজসহ সমাজের বিভিন্ন অংশের প্রতিক্রিয়ার প্রতি পুলিশ সংবেদনশীল ও শ্রদ্ধাশীল। পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন পুলিশ বাহিনী নিয়ে আরও দায়িত্বশীল মন্তব্য প্রত্যাশা করে।