সিলেটে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরীর বাসায় হামলার ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার এক সপ্তাহ পরও পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। এ পরিস্থিতিতে গতকাল বৃহস্পতিবার আদালতে মামলা করা হয়েছে।
মিজান চৌধুরীর বড় ভাই কুতুবুর রহমান চৌধুরী সিলেটের মুখ্য মহানগর বিচারিক হাকিম আদালতে বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলাটি করেন।
মামলার আইনজীবী শওকত চৌধুরী জানান, কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরও পুলিশ মামলা নেয়নি—এ বিষয়টি আদালতে দাখিল করা মামলার আরজিতে উল্লেখ করা হয়। শুনানি শেষে আদালত মামলাটি দ্রুত বিচার আইনে তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছেন কোতোয়ালি থানাকে।
এ ব্যাপারে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন জানান, গতকাল বিকেল পর্যন্ত আদালতের নির্দেশনা থানায় পৌঁছায়নি। অভিযোগ দেওয়ার পরও মামলা না নেওয়া প্রসঙ্গে তিনি প্রথম আলোকে বলেন, ‘এ রকম কোনো অভিযোগ আমরা পাইনি।’ থানায় অভিযোগ দাখিলের সিল কপি বাদীর কাছে সংরক্ষিত আছে বলে জানালে তিনি বলেন, ‘এটিও জানা নেই, খোঁজ নিয়ে দেখব।’
মামলা সূত্রে জানা গেছে, সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল আলিম ছুরিকাহত হওয়ার ঘটনার জের ধরে ৬ এপ্রিল রাতে নগরের ফাজিলচিস্ত এলাকায় মিজান চৌধুরীর বাসায় হামলা করেন ছাত্রলীগের একদল নেতা-কর্মী। এ সময় তাঁরা বাসার সীমানাপ্রাচীর টপকে ভেতরে ঢুকে গ্যারেজে রাখা দুটো পাজেরো জিপ, দুটো মোটরসাইকেল ভাঙচুর করেন। পরে বাসার দরজা-জানালাও ভাঙচুর করেন তাঁরা। এ অবস্থায় এলাকাবাসীর প্রতিরোধের মুখে হামলাকারীরা পালিয়ে যান।
মামলার বাদী জানান, ঘটনার পরদিন সিলেট কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ ছাত্রলীগের নাম থাকায় অভিযোগটি মামলা হিসেবে তালিকাভুক্ত করেনি।
মিজানুর রহমান চৌধুরীর বাসায় হামলার ঘটনায় নগর ও জেলা বিএনপির নেতারা ঘটনাটিকে ‘সিলেটে দীর্ঘদিনের লালিত রাজনৈতিক শিষ্টাচার বিনষ্ট’ বলে উল্লেখ করে নানা কর্মসূচি পালন করে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছিলেন। বিএনপির কেন্দ্রীয় কমিটি থেকেও এ ঘটনার প্রতিবাদ জানানো হয়েছিল।
ঘটনার প্রায় এক সপ্তাহ পর আদালতে মামলা করা প্রসঙ্গে মিজান চৌধুরীর অভিযোগ, হামলার সময় পুলিশকে ফোন করলে ‘ব্যস্ত আছি’ বলে এড়িয়ে যাওয়া হয়েছিল। পরদিন থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়। কিন্তু পুলিশ মামলা নেয়নি। তিনি জানান, আদালতে দাখিল করা মামলার এজাহারের সঙ্গে অজ্ঞাত আসামিদের শনাক্ত করতে হামলার আগে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের ছবি ও ভিডিও ফুটেজ সংযুক্ত করে দেওয়া হয়েছে।