পুলিশ নয়, তদন্ত সিআইডিকে দেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের নারী মুক্তিযোদ্ধা আনোয়ারা আবেদীন চৌধুরী (৫৮) হত্যা মামলার তদন্তভার পুলিশের পরিবর্তে অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেওয়ার দাবি জানিয়েছেন নিহতের পরিবারের সদস্যরা। গতকাল রোববার সিলেট নগরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে তাঁরা এই দাবি জানান।পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, ‘পুলিশ আনোয়ারার প্রকৃত খুনিদের রক্ষা করছে। মামলাটির তদন্তভার তাদের হাতে নিরাপদ নয়। একজন বীর মুক্তিযোদ্ধা হত্যার ঘটনায় পুলিশ যে ভূমিকায় অবতীর্ণ হয়েছে, তাতে পুলিশের ওপর আমাদের আর আস্থা নেই। তাই মামলার তদন্তভার সিআইডিকে দিয়ে নিরপেক্ষ তদন্ত করা হোক।’আনোয়ারা হত্যা মামলার বাদী ও তাঁর স্বামী সামছুল আবেদীন চৌধুরী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, ‘১১ ডিসেম্বর সিআইডির বিশেষ দল বাসার প্রতিটি কক্ষ তন্নতন্ন করে তল্লাশি করেছে। তারা পায়ের তিনটি ছাপ, বিভিন্ন জায়গা থেকে আঙুলের ছাপ ও বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। পুলিশ আমাদের জানিয়েছে, পায়ের ছাপ দুজন পুরুষের। আমাদের প্রশ্ন, উসমান গণি একা হত্যা করেছে বলে কীভাবে দাবি করে? এতে তদন্তে আমাদের সন্দেহ দেখা দিয়েছে। সিআইডির তদন্তের সঙ্গে পুলিশের ব্যাপক অমিল পাওয়া গেছে, যা সামঞ্জস্যপূর্ণ নয়।’উসমানের জবানবন্দি প্রসঙ্গে সামছুল বলেন, ‘পুলিশ ঘাতককে রিমান্ডে না নিয়ে ১৬৪ ধারায় জবানবন্দি নিয়েছে। এক ধরনের ধামাচাপা তদন্ত চলছে। এ ছাড়া সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তের আলামত ভিত্তি না ধরে ধৃত ব্যক্তির জবানবন্দিকে গুরুত্ব দিয়ে পুলিশ বিভিন্ন টালবাহানা ও ভিন্ন খাতে মামলা প্রবাহিত করার চেষ্টায় লিপ্ত রয়েছে।’ তিনি বলেন, ‘উসমান গণির স্বীকারোক্তি অনুযায়ী ঢাকায় তাঁকে নেওয়া নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে এই খুনের ঘটনা ঘটে। কিন্তু এভাবে একজন নারী কি খুন হতে পারে? ঘাতকের স্বীকারোক্তি অনুযায়ী, সে পাশের রুম থেকে চাপাতি এনেছে। আমাদের প্রশ্ন, যেহেতু আনোয়ারা চৌধুরী বীর মুক্তিযোদ্ধা, সাহসী, সেহেতু চাপাতি অন্য রুম থেকে আনার ফাঁকে আনোয়ারা দৌড়ে বের হতে পারতেন। এতে প্রতীয়মান হয়, ঘরের ভেতরে তিনের অধিক লোক থাকায় তিনি আপ্রাণ চেষ্টা করেও বের হতে পারেননি। তারা তাঁকে হত্যা করে বাইরের দিকে তালা দিয়ে চলে যায়।’সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সামছুল বলেন, ‘পুলিশের সঙ্গে ঘাতকদের আঁতাত আছে। তাই পুলিশের ওপর আমাদের আর কোনো আস্থা নেই। এ অবস্থায় মামলাটির তদন্ত সিআইডির কাছে হস্তান্তরের দাবি জানাচ্ছি।’সংবাদ সম্মেলনে নিহত আনোয়ারার ছেলে তৌহিদুল আবেদীন চৌধুরী, তৌফিকুল আবেদীন চৌধুরী, মেয়ে তাহমিনা আবেদীন চৌধুরী, নিহতের ভাই ফখরউদ্দিন চৌধুরীসহ আত্মীয়রা উপস্থিত ছিলেন।উসমান গণি তিন দিনের রিমান্ডে: আসামি উসমান গণি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর তাঁকে আরও জিজ্ঞাসাবাদের জন্য গত শনিবার আদালতে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নওরোজ আহমদ। সিলেট মুখ্য হাকিম আদালতের বিচারক মোহাম্মদ আমিরউদ্দিন গতকাল রোববার এ সংক্রান্ত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে কি না জানতে চাইলে তদন্ত কর্মকর্তা প্রথম আলোকে জানান, তিনি পাঁচ দিনের ছুটিতে রয়েছেন। ছুটি শেষে উসমানকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।প্রসঙ্গত, ৯ ডিসেম্বর লামাবাজার পুলেরপার এলাকায় নিজ বাসার দোতলা থেকে নারী মুক্তিযোদ্ধা ও জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেডের ক্রয় বিভাগের ব্যবস্থাপক আনোয়ারার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৬ ডিসেম্বর ভোরে সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষ্মণশ্রী ইউনিয়নের জানিগাঁও গ্রামের বাড়ি থেকে উসমানকে গ্রেপ্তার করা হয়। ওই দিন সন্ধ্যায় উসমানকে সাংবাদিকদের সামনে হাজির করা হলেও তাঁর সঙ্গে কথা বলতে দেয়নি পুলিশ।