বিশেষ অবদান রাখার জন্য এ বছর ১০৫ জন পুলিশ সদস্য বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পাচ্ছেন। তাঁদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের কমিশনার, র্যাবের মহাপরিচালক, র্যাবের সাত অধিনায়ক, পুলিশের বিভিন্ন রেঞ্জের ডিআইজিসহ উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছেন।
এই তালিকায় এবারও রয়েছে সমালোচিত কর্মকর্তা লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশীদের নাম। স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত সোমবার এ তালিকা চূড়ান্ত করে।
পদকপ্রাপ্তদের এই তালিকা নিয়ে পুলিশ কর্মকর্তাদের মধ্যেই ক্ষোভ ও অসন্তোষ রয়েছে। কয়েকজন কর্মকর্তা অভিযোগ করেন, যাঁরা পদক পাচ্ছেন, তাঁদের বেশির ভাগই পছন্দের লোক। আগে অভিযানের সঙ্গে যুক্ত মাঠপর্যায়ের কর্মকর্তাদের অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের জন্য বিপিএম দেওয়া হলেও কয়েক বছর ধরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের এ পদক দেওয়া হচ্ছে।
সূত্র জানায়, ৬ মার্চ (বৃহস্পতিবার) শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ। এবারও প্রধানমন্ত্রী পুলিশ সদস্যদের মধ্যে চার ধরনের পদক বিপিএম, বিপিএম (সেবা), পিপিএম ও পিপিএম (সেবা) বিতরণ করবেন। চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র আটক মামলার আলোচিত দুই সার্জেন্ট মো. আলাউদ্দীন ও হেলালউদ্দীন ভূঁইয়া পিপিএম পাচ্ছেন।
পদকপ্রাপ্তদের তালিকা নিয়ে অসন্তোষের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে পদক কমিটির চেয়ারম্যান ও পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) এ কে এম শহীদুল হক প্রথম আলোকে বলেন, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে পদক দেওয়া হয়েছে। যথাযথ তদারকি ও দক্ষতার ভিত্তিতে উচ্চপদস্থ কর্মকর্তাদের পদকের তালিকায় রাখা হয়েছে। তিনি বলেন, সাহসিকতার জন্য ৭৩ শতাংশ পদক পাচ্ছেন মাঠপর্যায়ের পুলিশ পরিদর্শক থেকে কনস্টেবল পর্যায়ের সদস্যরা।
পিপিএম পদক দেওয়া হয় গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা, শৃঙ্খলামূলক আচরণ ও প্রশংসনীয় অবদানের জন্য। এবার পিপিএম ও পিপিএম (সেবা) পাচ্ছেন ৬৯ জন। বিপিএম ও বিপিএম (সেবা) পাচ্ছেন ৩৬ জন।
পিপিএম (সেবা) পদক পাচ্ছেন টাঙ্গাইলের মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) শ্যামল কুমার দত্ত। গত ২৩ ফেব্রুয়ারি ত্রিশালে প্রিজন ভ্যান থেকে পলাতক তিন জঙ্গির একজন হাফেজ মাহমুদ ওরফে রাকিব হাসানকে গ্রেপ্তার করেন তিনি। পরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন হাফেজ মাহমুদ।
পুলিশ কর্মকর্তারা বলেন, মাঠপর্যায়ের কর্মকর্তারা অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের সঙ্গে যুক্ত থাকলেও ডিএমপি সদর দপ্তর ও র্যাব সদর দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিপিএম দেওয়া হচ্ছে। তাঁদের মধ্যে আছেন ডিএমপির কমিশনার বেনজীর আহমেদ, অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আবদুল জলিল মণ্ডল ও শেখ মুহম্মদ মারুফ হাসান, উপকমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. আনোয়ার হোসেন, খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনির-উজ-জামান এবং র্যাবের মহাপরিচালক মো. মোখলেছুর রহমান, অতিরিক্ত মহাপরিচালক লে. কর্নেল জিয়াউল আহসান, পরিচালক মো. রিয়াজুর রহমান প্রমুখ। মরণোত্তর বিপিএম পাচ্ছেন ১৬ কনস্টেবল।
২০১১ সালের ৬ জুলাই হরতাল চলাকালে তৎকালীন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুককে পেটানোর ঘটনায় ব্যাপক সমালোচিত হয়েছিলেন সে সময় তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার হারুন। এ ছাড়া অভিযোগ রয়েছে, ২০১২ সালের ৯ ডিসেম্বর বাহাদুর শাহ পার্কের সামনে নিরীহ পথচারী বিশ্বজিৎ দাসকে কোপানোর ও পেটানোর সময় ঘটনাস্থলের ৩০ গজ দূরে থাকলেও তাঁকে রক্ষায় কোনো পদক্ষেপ নেননি তখন লালবাগ বিভাগের ডিসি হারুন। এ ঘটনায়ও সমালোচনার ঝড় ওঠে। গত বছরও তিনি পিপিএম (সেবা) পদক পান।