পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, আহত ৪
নারায়ণগঞ্জ সদর উপজেলায় পুলিশের পরিচয়ে এক ব্যবসায়ীর বাড়িতে ঢুকে ডাকাতি হয়েছে। ডাকাতেরা ওই বাড়ির চারজনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুট করে। ডাকাতি শেষে তারা কয়েকটি ফাঁকা গুলি ও দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। ফতুল্লার ধর্মগঞ্জ পাকাপুল এলাকায় গত সোমবার দিবাগত রাত দুইটার দিকে ব্যবসায়ী হাবিবুল্লাহ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। হাবিবুল্লাহ সাংবাদিকদের জানান, রাত দুইটার দিকে ডাকাতেরা তাঁর দোতলা ভবনের নিচতলায় কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে ঢোকে। জানতে চাইলে তারা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে দোতলায় ফ্ল্যাটে ঢুকে পরিবারের লোকজনকে অস্ত্র দেখিয়ে জিমিঞ্চ করে। বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতেরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে তাঁর স্ত্রী আয়েশা (৫০), ছেলে সেলিম (৩৫), সুমন (৩০) ও রনি (২২) আহত হন। তাঁদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাতেরা ১৪ লাখ ৩৯ হাজার টাকা ও ২০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে বলে হাবিবুল্লাহ দাবি করেছেন। সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুটি তাজা ককটেল উদ্ধার করে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, ডাকাতদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান চলছে।