পুলিশ পরিচয় দিয়ে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ পরিচয় দিয়ে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের মঠবাড়ি এলাকায় গত শুক্রবার দিবাগত রাতে এক খ্রিষ্টান পরিবারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ কমপক্ষে ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ডাকাত সদস্যদের মারধরে পরিবারের চার সদস্য আহত হয়েছেন। ডাকাতকবলিত পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মঠবাড়ি এলাকার সুভল রোজারিওর বাড়িতে গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ১৫-১৬ জন অস্ত্রধারী ডাকাত দল হানা দেয়। ডাকাতেরা ওই বাড়িতে গিয়ে পুলিশ পরিচয় দিয়ে দরজা খুলতে বলে। এ সময় বাড়ির লোকজন দরজা না খোলায় ডাকাতেরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ওই ঘরে থাকা রঞ্জিত রোজারিও ও ভেঙ্গা রোজারিওকে মারধর করে হাত-পা বেঁধে ফেলে রাখে। ডাকাতেরা রাত সাড়ে ১১টা থেকে তিনটা পর্যন্ত অবস্থান নিয়ে দীর্ঘ সময় ধরে লুটপাট করে। এ সময় তারা আলমারি ভেঙে নগদ পাঁচ লাখ ২২ হাজার টাকা, সাড়ে আট ভরি স্বর্ণ, তিনটি মোবাইল ফোনসেট, টর্চলাইট, হাতঘড়িসহ কমপক্ষে ১০ লাখ টাকার মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায়। ডাকাতদের কাজে বাধা দেওয়ায় তারা ঝরনা রোজারিও তাঁর মেয়ে বিউটি রোজারিওকে মারধর করে। ডাকাতি শেষে তারা রাত তিনটার দিকে পালিয়ে যায়। নাগরী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য বাবুল রোজারিও জানান, ওই বাড়ির মালিক সুভল রোজারিও জরুরি কাজে গত বৃহস্পতিবার ব্যাংক থেকে টাকা তুলে ঘরে রেখেছিলেন। কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শেখ মুরাদ ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।