পুলিশ পরিচয় দিয়ে ব্যবসায়ী অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় গত বুধবার গভীর রাতে পুলিশ পরিচয় দিয়ে একদল ডাকাত বসতবাড়িতে হামলা চালিয়ে কামাল উদ্দিন (২৮) নামের ফিশিং বোটের ব্যবসায়ীকে অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিন যুবককে আটক করেছে।তবে কামালের পরিবারের দাবি, কামালকে অপহরণ করার পর ডাকাতেরা মুঠোফোনের মাধ্যমে পরিবারের কাছ থেকে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে।এলাকাবাসী ও স্থানীয় পুলিশ ফাঁড়ির সূত্রে জানা গেছে, গত বুধবার রাত একটার দিকে পুলিশ পরিচয় দিয়ে একদল ডাকাত উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের সাইরারডেইল এলাকায় ফিশিং বোটের মালিক ব্যবসায়ী কামাল উদ্দিনের বসতবাড়িতে হামলা চালায়। পরে ডাকাতেরা পুলিশ পরিচয় দিয়ে বসতবাড়ির সামনের দরজা খুলতে বললে কামাল দরজাটি খুলে দেন। কিন্তু দরজা খুলে ডাকাত দেখতে পেয়ে আত্মরক্ষার্থে কামাল কিছুটা পিছু হটলে ডাকাতেরা ধাওয়া করে। পরে বসতবাড়ি থেকে তাঁকে অপহরণ করে একটি ফিশিং বোটের মাধ্যমে সমুদ্রপথ দিয়ে অন্যত্র নিয়ে যায়।তবে গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ডাকাতেরা কামালকে কোথায় নিয়ে রেখেছে, এর কোনো সন্ধান পায়নি তাঁর পরিবার। এদিকে খবর পেয়ে গত বুধবার রাত তিনটায় স্থানীয় মাতারবাড়ি পুলিশ ফাঁড়ির সদস্যরা সাইরারডেইল এলাকায় অভিযান চালিয়ে ওই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মোহাম্মদ আজগর হোসেন, জামাল হোসেন ও বোরহান উদ্দিন নামের তিন যুবককে আটক করতে সক্ষম হয়। কামালের চাচা ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, পুলিশ পরিচয় দিয়ে ডাকাতেরা কামালকে অপহরণ করে নিয়ে গেছে। পরে মুঠোফোনের মাধ্যমে তাঁর পরিবারের কাছ থেকে ডাকাতেরা ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে। এ নিয়ে স্থানীয় পুলিশ ফাঁড়িকে অবহিত করা হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালীর মাতারবাড়ি পুলিশ ফাঁড়ির দায়িত্বরত সহকারী উপপরিদর্শক মোহাম্মদ সোহরাব হোসেন বলেন, অপহরণের শিকার ব্যবসায়ী কামালকে উদ্ধারের ব্যাপারের বিভিন্ন স্থানে খোঁজখবর নেওয়া হচ্ছে।