প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থেকে রাজশাহী নগরে বেড়াতে এসে গতকাল বৃহস্পতিবার দুপুরে ছিনতাইয়ের কবলে পড়েছেন এক দম্পতি। ছিনতাইকারীরা পুলিশের পরিচয় দিয়ে তাঁদের নগদ টাকা-পয়সা ও মুঠোফোন কেড়ে নিয়ে যায়। এই দম্পতি হচ্ছেন মাহফুজুর রহমান (৩৭) ও বিনা খাতুন (৩২)। মাহফুজুর রহমান জানান, দুপুরের দিকে একটু রোদ উঠলে তাঁরা নগরের শ্রীরামপুর এলাকায় বিজিবি সীমান্ত অবকাশ রেস্তোরাঁর নিচে পদ্মা নদীর ধারে ঘুরতে যান। সেখানে একটি ছোট বসার ঘর রয়েছে। তাঁরা সেখানে একটু বসেছেন। এমন সময় দুই যুবক এসে পুলিশের পরিচয় দিয়ে তাঁদের কাছে অবৈধ মালামাল রয়েছে বলে তল্লাশি করতে চায়। তাঁরা আপত্তি করলে ছিনতাইকারীরা জোর করে তাঁর পকেটে থাকা চার হাজার টাকা বের করে নেয় এবং তাঁদের দুজনের তিনটা মুঠোফোন কেড়ে নিয়ে পাশের কাশবনের মধ্যে ঢুকে যায়।