পুলিশ পরিচয়ে ছিনতাই যুবলীগের দুই নেতা গ্রেপ্তার
পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে যুবলীগের দুই নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত আটটার দিকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার পূর্ব নারায়ণপুর এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কালীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ও তারালী ইউনিয়নের আমিয়ান গ্রামের লক্ষ্মণ কুমার ঘোষ (৩২), সাংগঠনিক সম্পাদক ও পূর্ব নারায়ণপুর গ্রামের কার্তিক সরকার (৩৪) এবং দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের জিয়াউল ইসলাম (২৮)।
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া গ্রামের শরীফ মোল্লা জানান, গত মঙ্গলবার তিনি তাঁর শ্বশুরবাড়ি কালীগঞ্জ উপজেলার পূর্ব নারায়ণপুর গ্রামের আলিম গাজীর বাড়িতে বেড়াতে আসেন। শুক্রবার রাত আটটার দিকে একই এলাকার তারালী চৌরাস্তা মোড় থেকে কিছু কেনাকাটা করে মোটরসাইকেলে পূর্ব নারায়ণপুর গ্রামের শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। পথে শ্বশুরবাড়ির কাছে লক্ষণ কুমার ঘোষ, কার্তিক সরকার, জিয়াউল ইসলাম ও অজ্ঞাত একজন ছিনতাইকারী পুলিশ পরিচয় দিয়ে তাঁর দেহ তল্লাশি করতে থাকেন। একপর্যায়ে তাঁকে মারপিট করে একটি সোনার চেইন ও ৭ হাজার ৩০০ টাকা ছিনতাই করে তাঁরা ঘটনাস্থল ত্যাগ করেন। বিষয়টি থানার ওসি মতিয়ার রহমানকে জানানো হয়। রাত ১১টার দিকে কালীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে লক্ষণ, কার্তিক ও জিয়াউল ইসলামকে পুলিশ গ্রেপ্তার করে।
কালীগঞ্জ উপজেলার ভাড়াশিমুলিয়া ইউপির ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও পূর্ব নারায়ণপুর গ্রামের সাইফুল ইসলাম বলেন, ছিনতাইয়ের সঙ্গে গ্রেপ্তার ব্যক্তিরা জড়িত।
কালীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি শেখ আনোয়ারুল কবির ও সাধারণ সম্পাদক জি এম সাইফুল ইসলাম বলেন, গ্রেপ্তার লক্ষ্মণ কুমার ঘোষ উপজেলা যুবলীগের ৩ নম্বর যুগ্ম সম্পাদক ও কার্তিক সরকার উপজেলা যুবলীগের ৩ নম্বর সাংগঠনিক সম্পাদক। গ্রেপ্তার জিয়াউল ইসলাম তাঁদের দলের সঙ্গে সম্পৃক্ত নন।
লক্ষ্মণ কুমার ঘোষ জানান, শরীফ মোল্লার কাছে মাদক রয়েছে সন্দেহে তাঁরা তাঁর শরীর তল্লাশি করেন। এ সময় শরীফ মোল্লার সোনার চেইন ও টাকা হারিয়ে গেছে বলা হচ্ছে। এ বিষয় তাঁরা কিছু জানেন না।
কালীগঞ্জ থানার ওসি শেখ মতিয়ার রহমান বলেন, ছিনতাইকারী লক্ষ্মণ, কার্তিক ও জিয়াউলকে গ্রেপ্তারের পর গতকাল শনিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। লক্ষ্মণ ও কার্তিক দীর্ঘদিন ধরে ওই এলাকায় চাঁদাবাজি, ছিনতাইসহ নানা অপকর্ম করে আসছেন। এ ঘটনায় শরীফ মোল্লা বাদী হয়ে মামলা করেছেন।