পুলিশ পরিচয়ে জুতা নিতে গিয়ে ধরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুরে গত রোববার নুরনবী হক (৩৫) নামের এক ব্যক্তি নিজেকে পুলিশ বলে পরিচয় দিয়ে মুফতে এক জোড়া জুতা বাগানোর চেষ্টা করে ধরা পড়েছেন। তিনি নওগাঁর পত্নীতলা উপজেলার শালিক গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গত রোববার সন্ধ্যায় থানা মোড়ের ‘শাহিন খেলা ঘর’ দোকানে গিয়ে ওই ব্যক্তি নিজেকে থানার উপপরিদর্শক (এসআই) বলে পরিচয় দিয়ে এক জোড়া জুতা কিনে পরে টাকা দেবেন বলে সটকে পড়েন। এ ব্যাপারে দোকানির সন্দেহ হলে তিনি ঘটনাটি থানার এক পুলিশ সদস্যকে জানান। পুলিশ সদস্য ওই দোকানিকে জানান, ওই নামে কোনো উপপরিদর্শক নেই, থানায় নতুন কেউ যোগও দেননি। পরে দোকানি রেলস্টেশনে গিয়ে নুরনবীকে খুঁজে পান। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাঁকে আটক করে থানায় সোপর্দ করেন ওই দোকানি।
শাহিন খেলা ঘরের কর্মচারী সোহেল রানা বলেন, ‘ওই লোক দোকানে এসে নিজেকে থানার এসআই মাহফুজ বলে পরিচয় দিয়ে ৮৫০ টাকার এক জোড়া জুতা নেন। পরে এই মাসের বেতন পেলে টাকা পরিশোধ করবেন বলে জানিয়ে দ্রুত সটকে পড়েন। তাঁর মাথায় ছোট ছোট চুল দেখে প্রথমে পুলিশ বলেই ভেবেছিলাম। পরে সন্দেহ হওয়ায় খোঁজ নিই।’
এদিকে গতকাল সোমবার সকালে থানায় নুরনবী সাংবাদিকদের কাছে এ ধরনের কাজ করার জন্য দুঃখ প্রকাশ করেন।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউস সাদিক জানান, নুরনবী জিজ্ঞাসাবাদে পুলিশ পরিচয়ে প্রতারণার কথা স্বীকার করেছেন।