পুলিশ পরিচয়ে ডাকাতি গুলিতে আহত ১
ফরিদপুরের ভাঙ্গায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে সড়কে ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশের গুলিতে ডাকাত দলের সদস্য রিয়াজুল ইসলাম ভান্ডারী (৩৫) গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। পুলিশ ডাকাত দলের এক সদস্যকে আটক করেছে।
গত বুধবার দিবাগত রাতে উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের কামারবাড়ী সেতু ও কাউলিবেড়া-মালিগ্রাম আঞ্চলিক সড়কের মালিগ্রাম বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ, এলাকাবাসী ও মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ভাঙ্গা উপজেলার মৌলভীরডাঙ্গী গ্রামের সফিকুল ইসলাম (৩৬) সৌদি আরব থেকে ঢাকায় বিমানবন্দরে এসে নামেন। এরপর একটি প্রাইভেট কারে স্ত্রী রনী বেগম (২৮) ও ছোট ভাই জহিরুলকে (৩০) নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন। বুধবার রাত সাড়ে নয়টার দিকে কামারবাড়ী সেতুর কাছে একটি মাইক্রোবাস তাঁদের বহনকারী প্রাইভেট কারের গতিরোধ করে। এরপর মাইক্রোবাস থেকে একজন মহিলাসহ পাঁচজন নেমে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে প্রাইভেট কার তল্লাশি করে। তল্লাশির একপর্যায়ে তাঁরা ২৭ হাজার সৌদি রিয়াল, ১৩ হাজার বাংলাদেশি টাকা, সাড়ে তিন ভরি ওজনের স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। ডাকাত দলের সদস্যরা প্রাইভেট কারের চালক আমজাদ হোসেনকে হ্যান্ডকাপ লাগায় ও সফিকুল ইসলাম, জহিরুল ও রনি বেগমকে পিটিয়ে আহত করে। পরে ডাকাত দল ভাঙ্গার মালিগ্রাম আঞ্চলিক সড়কের দিকে ঢুকে পড়ে। স্থানীয় জনগণ পুলিশে খবর দেয়।
ভাঙ্গা থানা সূত্রে জানা যায়, রাত সোয়া ১০টার দিকে ভাঙ্গার কাউলিবেড়া-মালিগ্রাম আঞ্চলিক সড়ক হয়ে মালিগ্রাম বাজারের কাছে ডাকাতদের মাইক্রোবাসটি ঢাকা-খুলনা মহাসড়কে ওঠার সময় পুলিশ স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে ব্যারিকেড দেয়। এ সময় মাইক্রোবাসে থাকা এক মহিলা ডাকাত সদস্য বাদে সবাই দৌড় দেয়। পুলিশ শটগানের গুলি ছুড়লে ডাকাত দলের সদস্য রিয়াজুল ইসলাম পায়ে গুলিবিদ্ধ হন। রিয়াজুলকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ডাকাতির কাজে ব্যবহূত মাইক্রোবাস, ডিবি পুলিশের জ্যাকেট, পুলিশের হ্যান্ডকাপ ও ট্রাফিক পুলিশের ব্যবহূত রিফ্লেকটিভ লাইট ডাকাত দলের মাইক্রোবস থেকে উদ্ধার করেছে। এ ব্যপারে সফিকুল ইসলাম গতকাল বৃহস্পতিবার দুপুরে দুজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও পাঁচ-সাতজনকে আসামি করে মামলা করেছেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম বলেন, আটক সিরাজুম মনিরা ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের সমঞ্চান শ্রেণীর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। গুলিবিদ্ধ রিয়াজুল ফরিদপুর জজ কোর্টের আইনজীবী বিমল তুলসীয়ানের সহকারী। তাঁর বাড়ি ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের রামখন্ড গ্রামে।
বিমল তুলসীয়ান বলেন, ‘আমি জানতাম না আমার সহকারী এ জাতীয় কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এ ঘটনা জানার পর আমি তাঁকে আমার সহকারীর পদ থেকে অব্যাহতি দিয়েছি।’