পুলিশ পরিচয়ে তুলে নিয়ে ছিনতাই
রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর এলাকায় গতকাল বুধবার গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য পরিচয় দিয়ে সশস্ত্র ব্যক্তিরা মোশাররফ মৃধা (৩৭) নামের এক ব্যবসায়ীকে অপহরণ করেন। পরে তাঁকে মারধর করে দুই লাখ টাকা ছিনিয়ে নেন। হাত-পা ও মুখ বেঁধে ফেলে দেন রাস্তার পাশে।
মোশাররফ গোয়ালন্দ ঘাটে ভুসিমালের ব্যবসা করেন। ১৫-১৬ দিন আগে একইভাবে খানখানাপুর এলাকার এক ব্যবসায়ীকে অপহরণ করে ছিনতাই করা হয়।
মোশাররফের বড় ভাই গোয়ালন্দ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলাউদ্দিন মৃধা জানান, গতকাল বেলা আড়াইটার দিকে মোশাররফ গোয়ালন্দ মোড়ের একটি ব্যাংক থেকে দুই লাখ টাকা তুলে একটি যানবাহনে করে বাড়ি ফিরছিল। গাড়িটি দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলা সীমান্তবর্তী সদর উপজেলার খানখানাপুরে পৌঁছামাত্র সাদা রঙের একটি মাইক্রোবাস মোশাররফদের গাড়িটি থামায়। মাইক্রোবাস থেকে সাদা পোশাকধারী সশস্ত্র পাঁচ ব্যক্তি নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে মোশাররফকে গাড়ি থেকে নামিয়ে হাতকড়া পরিয়ে মাইক্রোবাসে উঠিয়ে চলে যান।
আলাউদ্দিন জানান, মোশাররফদের যানবাহনে থাকা পরিচিত এক ব্যক্তি বিষয়টি তাঁকে জানালে তিনি গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসারকে জানান ও নিজেই মোটরসাইকেল নিয়ে গোয়ালন্দ মোড়ের উদ্দেশে রওনা হন। বেলা চারটার দিকে সদর উপজেলার বসন্তপুরের একটি পাটকলের সামনের রাস্তায় হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় মোশাররফকে দেখতে পান। পরে তাঁকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।