পুলিশ পরিচয়ে দুই বাড়িতে ডাকাতি
নোয়াখালীর সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নের কানুচর গ্রামে পুলিশ পরিচয়ে পৃথক দুটি ডাকাতি সংঘটিত হয়েছে।
গত শুক্রবার দিবাগত রাতে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতেরা গ্রামের দুটি বাড়িতে লোকজনকে জিমিঞ্চ করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতদের হামলায় ও ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন দুই গৃহকর্তাসহ চারজন।
আহতরা হলেন জামাল উদ্দিন (২৪), হারিছ মিয়া (৬০), মতিউর রহমান (৫৫) ও তাজুল ইসলাম (৫০)। তাঁদের মধ্যে জামাল উদ্দিনকে গুরুতর আহতাবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া বাকি আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আড়াইটার দিকে ৩০-৩৫ জনের একদল সশস্ত্র ডাকাত পুলিশের পরিচয় দিয়ে ওই গ্রামের হারিছ মিয়ার বাড়িতে যায়। বাড়িতে আসামি আছে বলে ডাকাতেরা ঘরের দরজা খুলতে বলে। দরজা খুলে দিতেই ডাকাতেরা ভেতরে ঢুকে পরিবারের সবাইকে হাত-পা বেঁধে লুটপাট শুরু করে। এ সময় প্রতিবাদ করলে ডাকাতেরা গৃহকর্তা হারিছ মিয়া ও তাঁর ছেলে জামাল উদ্দিনকে ধারালো অস্ত্রের আঘাতে আহত করে। এরপর ডাকাতেরা ১৬ ভরি স্বর্ণালংকার, ৫০ হাজার টাকা ও কয়েকটি মুঠোফোন সেটসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
একই রাত তিনটার দিকে গ্রামের মতিউর রহমানের বাড়িতে একদল ডাকাত পুলিশ পরিচয়ে হানা দেয়। ডাকাতেরা একই কায়দায় ঘরের দরজা খুলে পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিমিঞ্চ করে ফেলে। এ সময় প্রতিবাদ করলে গৃহকর্তা মতিউর রহমান ও তাজুল ইসলাম নামের দুজনকে পিটিয়ে আহত করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
জানতে চাইলে ডাকাতির ঘটনা নিশ্চিত করেন সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. জাকির হোসেন। প্রথম আলোকে তিনি বলেন, ডাকাতির খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এসেছে। তবে, ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।