পুলিশ পরিচয়ে দুই বাড়িতে ডাকাতি
নড়াইলে পুলিশ পরিচয়ে দুই বাড়িতে ডাকাতি হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতে সদর উপজেলার চণ্ডীবরপুর ইউনিয়নের কুরুলিয়া ও রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
এ সময় ডাকাতদের হামলায় হাফিজার শেখ (৫০) এবং বাবুল কাজী (৩০) নামের দুজন আহত হন।
তাঁদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুরুলিয়া গ্রামের ওহিদুর রহমান জানান, ১০ থেকে ১২ জন ডাকাত ভোররাতে পুলিশ পরিচয় দিয়ে তাঁর ঘরের দরজা খুলতে বলে। একটু দেরি হওয়ায় তারা দরজা ভেঙে ঘরে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে। এরপর ২৫ হাজার টাকা, সোনার গয়না ও মূল্যবান জিনিসপত্রসহ দুই লক্ষাধিক টাকার মালামাল লুট করে।
এ সময় প্রতিবেশীরা এগিয়ে এসে চিৎকার করলে ডাকাতেরা হাফিজার শেখকে কুপিয়ে জখম করে।
পরে তারা পাশের রাজাপুর গ্রামের বাবুল কাজীর বাড়িতে হানা দিয়ে ঘরের দরজা ভেঙে ঢুকে তিন ভরি সোনার গয়না, ৫০ হাজার টাকাসহ তিন লক্ষাধিক টাকার মালামাল লুট করে নেয়। তারা ডাকাতির সময় বাধা দেওয়ায় বাবুল কাজীকে কুপিয়ে জখম করে। পরে তারা দুটি গুলিবর্ষণ করে পালিয়ে যায়।