পুলিশ পরিচয়ে দুই ভাইকে তুলে নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পুলিশের পরিচয় দিয়ে গত শনিবার দিবাগত রাতে দুই ভাইকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। আগের রাতে কিশোরগঞ্জ থেকে নিখোঁজ হন মুন্সিগঞ্জের এক জ্যেষ্ঠ আইনজীবী।
নিখোঁজ আইনজীবী হলেন কাজী ওবায়দুল ইসলাম শিপন (৪৫)। তিনি তাঁর বোনের বাড়ি কিশোরগঞ্জে যাওয়ার পথে নিখোঁজ হন। আর মহেশপুরে নিখোঁজ দুই সহোদর হলেন উপজেলার পুরন্দপুর গ্রামের জাকির হোসেন (৩৫) ও আলমগীর হোসেন (৩২)। তাঁরা পেশায় মাংস বিক্রেতা।
জাকির ও আলমগীরের বাবা আবদুস সাত্তার জানান, শনিবার দিবাগত রাত একটার দিকে পুলিশের পরিচয়দানকারী আট-নয়জনের একটি দল অস্ত্র হাতে তাঁদের বাড়িতে ঢোকে। এ সময় জাকির ও আলমগীর ঘুম থেকে জেগে ঘর থেকে বের হলে পুলিশের সদস্যরা তাঁদের ধরে ফেলেন। এ দৃশ্য দেখে তাঁর নাতি-নাতনিরা চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসেন। কোনো কিছু বুঝে ওঠার আগেই দুই ভাইকে টেনে-হিঁচড়ে রাস্তার দিকে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তোলা হয় গাড়িতে। এ সময় তাঁদের ধরে নিয়ে যাওয়ার কারণ জানতে চাইলে পুলিশ জানায়, দুই ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাই তাঁদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে। সকালে খোঁজ নিলে জানা যাবে।
আবদুস সাত্তার জানান, পরে সকালে তাঁরা মহেশপুর থানায় যান। এ সময় থানার ওসি বলেন, তাঁরা কাউকে আটক করেননি। এরপর তাঁরা যান পার্শ্ববর্তী কোটচাঁদপুর থানায়। সেখান থেকেও একই কথা জানানো হয়। এ অবস্থায় খোঁজ নেন ঝিনাইদহ পুলিশ কার্যালয়ে। উত্তর একই।
আবদুস সাত্তার জোর গলায় বলেন, তাঁর ছেলেদের পুলিশই উঠিয়ে নিয়ে গেছে। কিন্তু তারা প্রকাশ করছে না। পুলিশের কোনো খারাপ উদ্দেশ্য থাকতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।
পুরন্দপুর গ্রামের বাসিন্দা মুক্তি খান (৪০) বলেন, তিনি দেখেছেন, পুলিশই জাকির ও আলমগীরকে তুলে নিয়ে গেছে। তিনি বলেন, ‘ছেলে দুটো ভালো। কোনো রাজনীতি করে না।’
নিখোঁজ জাকির হোসেনের স্ত্রী আফরোজা খাতুন জানান, তাঁর স্বামী ও দেবরের বিরুদ্ধে কোনো থানায় কোনো অভিযোগ নেই। তাঁরা মাংস বিক্রি করে সংসার চালান। পুলিশ কেন তাঁদের ধরে নিয়ে গেছে, তা তাঁরা বুঝে উঠতে পারছেন না।
আফরোজা খাতুন অভিযোগ করেন, এক বছর আগে তাঁর ননদের সঙ্গে মহেশপুর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের মিকাইল হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকে মেয়েটির ওপর নানাভাবে অত্যাচার চালানো হতো। তিন মাস আগে তাঁদের বিবাহবিচ্ছেদ ঘটে। এর কয়েক দিন পর এক রাতে মিকাইল তাঁদের বাড়িতে আসেন। এ সময় বাড়ির সবাই মিলে তাঁকে আটকে রাখেন। গ্রামের মানুষও কিছুটা মারপিট করেন। পরে মিকাইলের গ্রামের লোকজন এসে তাঁকে মুক্ত করে নিয়ে যান। জাকির ও আলমগীরের জীবনে এই একটি ঘটনা ছাড়া আর কোনো ঘটনা নেই। মিকাইলের বাবা আমজাদ হোসেন মহেশপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি দলীয় প্রভাব খাটিয়ে এ ঘটনা ঘটাতে পারেন।
জানতে চাইলে আমজাদ হোসেন গত রাতে প্রথম আলোকে বলেন, জাকির ও আলমগীরকে তুলে নেওয়ার সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বলেন, তাঁরাও ওই দুই ভাইকে আটক করেননি। তবে বাইরের কোনো পুলিশ এসে তাঁদের ধরে নিয়ে গেছে কি না, তা তিনি বলতে পারছেন না।
আইনজীবী নিখোঁজ: মুন্সিগঞ্জে নিখোঁজ আইনজীবী কাজী ওবায়দুল ইসলামের বাড়ি মুন্সিগঞ্জ শহরের ইদ্রাকপুরে। তাঁর পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে তিনি তাঁর বোনের বাড়ি কিশোরগঞ্জের গৌরঙ্গবাজারের উদ্দেশে বাড়ি থেকে রওনা হন। তিনি রাত ১১টা ৫৫ মিনিটে তাঁর স্ত্রীকে মুঠোফোনে জানান, তিনি ভৈরবে পৌঁছেছেন। কিছুক্ষণের মধ্যে বোনের বাড়িতে পৌঁছাতে পারবেন। এর পর থেকে তাঁর আর কোনো খোঁজ নেই। এ ঘটনায় তাঁর শশুর বাদী হয়ে মুন্সিগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
আইনজীবী ওবায়দুল ইসলামের এক মেয়ে (রাত্রী, বয়স ১৬) ও এক ছেলে (সামি, বয়স ১) রয়েছে। তাঁর স্ত্রী সোনিয়া আক্তার স্বামীর নিখোঁজের পর থেকে বারবার মূর্ছা যাচ্ছেন।
মুন্সিগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. ইয়ারদৌস হাসান জানান, আইনজীবী ওবায়দুল ইসলামকে উদ্ধারের চেষ্টা চলছে।