পুলিশ পরিচয়ে মধ্য রাতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পাহাড়তলী থানার এ কে খান মোড়সংলগ্ন নেছারিয়া আলিয়া মাদ্রাসা এলাকার একটি বাড়িতে মধ্যরাতে পুলিশের পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। গত শনিবার মধ্যরাতে ডাকাতেরা অস্ত্রের মুখে ওই বাড়ি থেকে ৯০ ভরি স্বর্ণালংকার, তিন লাখ ৩০ হাজার টাকা ও ছয়টি মুঠোফোনসেট নিয়ে গেছে। গৃহকর্তা শেখ মামুনুর রশিদ নগরের এ কে খান মোড় এলাকার এম রহমান এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। ঘটনার বর্ণনা দিয়ে মামুনুর রশিদ প্রথম আলোকে বলেন, ‘রাত আড়াইটার দিকে প্রচণ্ড বৃষ্টির মধ্যে সশস্ত্র ডাকাতদল কলাপসিবল গেটের দুটি তালা কেটে বাড়িতে ঢোকে। পরে অস্ত্রের মুখে আমার পরিবারের সাত সদস্যকে জিম্মি করে পাঁচটি আলমারি ভেঙে সবকিছু নিয়ে যায়।’ ডাকাতদলে কমপক্ষে ১২ জন সদস্য ছিল জানিয়ে মামুনুর রশিদ বলেন, ‘কলাপসিবল গেটের তালা ভাঙার পর ডাকাতেরা বাইরে থেকে বলতে থাকে, “দরজা খোলেন, আমরা পুুলিশের লোক।” বারবার এ কথা বলার পর আমার ছোট ভাই শেখ জাবেদুর রহমান দরজা খুলে দেয়। তখন ডাকাতেরা সঙ্গে সঙ্গে আমার মা ও ভাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে।’ পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরনবী প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে অনুসন্ধান চলছে।