পুলিশ পরিচয়ে হাকিমপুরে ডাকাতি
দিনাজপুরের বিরামপুর পৌর শহরের ঝাউবন এলাকায় পুলিশের পরিচয়ে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতেরা অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে সাড়ে ১৬ ভরি স্বর্ণালংকারসহ নগদ ৬৪ হাজার টাকা লুট করে নিয়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। গত সোমবার রাতে এ ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার ও মালামাল উদ্ধার করতে পারেনি। থানার পুলিশ, বাড়ির লোকজন ও স্থানীয় বাসিন্দারা জানান, গত সোমবার পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের ঝাউবন এলাকার ব্যবসায়ী রইচ উদ্দিনসহ (৪৫) বাড়ির লোকজন ঘুমিয়ে পড়লে রাত দুইটার দিকে ১০-১২ জনের একটি ডাকাতদল বাড়ির প্রাচীর টপকে ভেতরে ঢোকে। তারা নিজেদের পুলিশের লোক পরিচয় দিয়ে বাড়ির লোকজনকে ঘরের দরজা খুলতে বলে। পুলিশের কথা শুনে রইচ উদ্দিন ঘরের দরজা খুলে দিলে তারা ঘরের ভেতরে প্রবেশ করেই অতর্কিতে পরিবারের লোকজনকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এ সময় ঘরে থাকা স্টিলের আলমারি ভেঙে সাড়ে ১৬ ভরি স্বর্ণালংকারসহ নগদ ৬৪ হাজার টাকা লুটে নেন ডাকাতদলের সদস্যরা। রইচ উদ্দিন বলেন, ‘ডাকাতদলের সদস্যরা মুখোশ পরা ছিল এবং সবাই রংপুরের আঞ্চলিক টানে কথা বলছিল।’ বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আমিনুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে গতকাল বুধবার বেলা ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানে ডাকাতি সংঘটিত হয়েছে।’ ডাকাতি হওয়া মালামাল উদ্ধার এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে বলে তিনি জানান।