পুলিশ পরিচয়ে ২০ লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার রূপসা উপজেলায় গত রোববার পুলিশ পরিচয় দিয়ে তিন মাছ ব্যবসায়ীর কাছ থেকে ২০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবীর চৌধুরী জানান, রোববার বিকেলে মংলা এলাকার মাছ ব্যবসায়ী শেখ রেজাউল, রফিকুল ও আল-আমিন চিংড়ি বিক্রির টাকা নেওয়ার জন্য পূর্ব রূপসার হাজী রূপসা ফিশের কার্যালয়ে যান। সেখান থেকে তাঁদের পাওনা ২০ লাখ টাকা (রেজাউলের ১০, আল-আমিনের সাত ও রফিকুলের তিন লাখ) নিয়ে তাঁরা মংলার উদ্দেশে রওনা হন। তাঁরা পূর্ব রূপসা বাসস্ট্যান্ড থেকে একটি প্রাইভেট কার ভাড়া করে রওনা দেন। প্রাইভেট কারটি ইলাইপুর এলাকার ফকিরবাড়ি চৌরাস্তা মোড়ে পৌঁছালে একটি মাইক্রোবাস তাঁদের গতিরোধ করে। এ সময় পুলিশ পরিচয় দিয়ে ছয় ছিনতাইকারী ওই তিন ব্যবসায়ীকে জোরপূর্বক তাঁদের মাইক্রোবাসে তুলে ডুমুরিয়া-ফুলতলা বাইপাস সড়কের আফসারের মোড় এলাকায় নিয়ে যায়।ছিনতাইকারীরা ব্যবসায়ীদের কাছে থাকা ২০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে সন্ধ্যায় ওই মোড়ে তাঁদের নামিয়ে দিয়ে মাইক্রোবাস নিয়ে ফুলতলার দিকে চলে যায়।