পুলিশ পরিদর্শক ও স্ত্রী খুনের রহস্য খোলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমান
মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমান

রাজধানীর চামেলীবাগের বাসায় পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমান খুনের রহস্য এখনো উদঘাটন করা যায়নি। ওই দম্পতির ও লেভেলপড়ুয়া মেয়ে ও গৃহকর্মীর খোঁজ মেলেনি।

গতকাল শুক্রবার বাসার দরজা ভেঙে বাথরুম থেকে এই দম্পতির লাশ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় আজ শনিবার বেলা ১১টা পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো মামলা হয়নি। পরিবারের কেউ মামলা না করলে পুলিশই বাদী হয়ে মামলা করবে বলে জানা গেছে। যানজটের কারণে এই দম্পতির আত্মীয়স্বজন ঢাকায় আসতে পারেননি।

পুলিশের বিশেষ শাখার (এসবি) উপমহাপরিদর্শক (ডিআইজি) মোশাররফ হোসেন প্রথম আলো ডটকমকে জানান, ও লেভেলপড়ুয়া মেয়ে ঐশী রহমান (১৬) ও গৃহকর্মী মোসাম্মত্ সুমির (১১) খোঁজ মেলেনি। তাদের সন্ধান এবং লাশের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে খুনের রহস্য উদঘাটিত হবে বলে দাবি করেন এসবির এই কর্মকর্তা।

মাহফুজুর এসবির রাজনৈতিক শাখায় কর্মরত ছিলেন। চামেলীবাগে ‘চামেলী ম্যানশন’ নামের বাড়ির ছয়তলার একটি বাসায় তিনি স্ত্রী, মেয়ে, ছেলে ঐহী রহমান (৮) ও গৃহকর্মীকে নিয়ে থাকতেন। মেয়ে ধানমন্ডির একটি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্রী। ছেলে রাজারবাগের একটি স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।

এসবি থেকে খবর পেয়ে পল্টন থানার পুলিশ গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে বাসার দরজা ভেঙে ঐশীর শয়নকক্ষের বাথরুম থেকে মাহফুজুর-স্বপ্না দম্পতির লাশ উদ্ধার করে। লাশ দুটি রক্তাক্ত অবস্থায় কাপড় দিয়ে মোড়ানো ছিল। তাঁদের শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন রয়েছে। কাপড় মোড়ানো অবস্থায় দুটি বঁটি এবং ওই শয়নকক্ষে ছড়ানো কয়েকটি ছুরি উদ্ধার করা হয়। ঐশী ও তার বাবা-মায়ের ঘরের বিছানার চাদর, আসবাব ও কাপড়চোপড় তছনছ অবস্থায় ছিল।

খুনের সঙ্গে কারা জড়িত এবং খুনের কারণ সম্পর্কে কিছু বলতে পারেনি পুলিশ।  ওই দম্পতির মেয়ে ও গৃহকর্মীকে খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) এস এম মেহেদী হাসান।

এ ঘটনায় ওই বাড়ির নিরাপত্তাকর্মী মো. মোতালিব ও মো. শাহিনকে জিজ্ঞাসাবাদের জন্য রাতে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়।

এসবির রাজনৈতিক শাখার উপমহাপরিদর্শক (ডিআইজি) মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, গত বুধবার রাত ১১টা পর্যন্ত দায়িত্ব পালন করে বাসায় ফিরেছিলেন মাহফুজুর। বৃহস্পতিবার ছিল তাঁর সাপ্তাহিক ছুটি। গতকালও দায়িত্ব ছিল না।

গতকাল বিকেলে মাহফুজুরের শ্যালক রবিউল আলম এসবিকে জানান, বুধবার রাত থেকে মাহফুজুর ও তাঁর স্ত্রীর খোঁজ নেই। বাসার দরজাও ভেতর থেকে বন্ধ। ঐহী তাঁর সঙ্গে আছে।

রবিউলের কাছ থেকে এমন তথ্য পাওয়ার পর পুলিশে খবর দেওয়া হয়।

শাহজাহানপুরের বাসিন্দা রবিউল প্রথম আলো ডটকমের কাছে দাবি করেন, গতকাল ভোরে স্বপ্নার ভগ্নিপতি ইফতেখারুল আলম তাঁকে ফোন করে মাহফুজুরের বাসায় যেতে বলেন। তিনি সেখানে গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ পান (ইন্টারলক)। মাহফুজুরের মুঠোফোনও ছিল বন্ধ। পরে স্বপ্নার মুঠোফোনে ফোন করলে ঐশী ধরে জানায়, তার বাবা-মা রাজশাহী গেছে। সে ঐহী ও গৃহকর্মীকে নিয়ে কাকরাইলে এক বান্ধবীর বাসায় আছে।

রবিউল দাবি করেন, ঐশীকে তাদের বাসায় আসতে বললে সে গড়িমসি করে। পরে সে রিকশায় করে ঐহীকে বাসায় পাঠায়। ঐহী জানায়, বৃহস্পতিবার সকালে ঐশী তাকে ঘুম থেকে তুলে বলে, বাবা-মা রাগ করে বাইরে গেছে। খালুর বাসায় যাওয়ার কথা বলে তাকে ও সুমিকে নিয়ে ঐশী বাসা থেকে বের হয়।

উত্তরার বাসিন্দা স্বপ্নার ভগ্নিপতি ইফতেখারুল বলেন, বৃহস্পতিবার রাত দুইটার দিকে ঐশী তার মায়ের মুঠোফোন থেকে ফোন করে তাঁর বাসার ঠিকানা জানতে চায়। সে জানায়, মা রাগ করে রাজশাহী গেছেন। তাঁকে আনতে গেছেন বাবা। তারা কাকরাইলে এক বান্ধবীর বাসায় আছে। তারা তাঁর (ইফতেখারুল) বাসায় আসতে চায়। তিনি বলেন, ঐশীর কথায় সন্দেহ হলে তিনি রবিউলকে ফোন করে মাহফুজুরের বাসায় পাঠান।

ওই বাড়ির তত্ত্বাবধায়ক আমজাদ আলী দাবি করেন, ঐশী বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে ঐহী ও গৃহকর্মীকে নিয়ে অটোরিকশা ডেকে তড়িঘড়ি চলে যায়। সঙ্গে ছিল দুটি ব্যাগ। জানতে চাইলে ঐশী জানায়, মিরপুরে খালার বাসায় যাচ্ছে। বাড়িতে অনুমতি ছাড়া কাউকে যেন ঢুকতে না দেওয়া হয়। বুধবারের পর অপরিচিত লোক মাহফুজুরের বাসায় যায়নি।

মাহফুজুর ও স্বপ্নার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ওই বাসা থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।