পুলিশ পরিদর্শক হত্যায় তাঁর মেয়ে সম্পৃক্ত: ডিবি

এসবির পুলিশ পরিদর্শক মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমান হত্যার ঘটনায় তাঁদের মেয়ে ঐশী রহমানের সম্পৃক্ততা পাওয়া গেছে। আজ শনিবার রাত আটটার দিকে রাজধানীর মিন্টো রোডে পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) মিডিয়া সেন্টারে যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম এ কথা বলেন। মনিরুল ইসলাম আরও বলেন, হত্যার ঘটনায় ঐশীসহ আরও কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের বাসার গৃহকর্মী মোসাম্মত্ সুমি, ঐশীর ঘনিষ্ঠ বন্ধুসহ কয়েকজনকে আটক করা হয়েছে। তিনি বলেন, জিজ্ঞাসাবাদ ও তদন্তের প্রাথমিক পর্যায়ে এখন পর্যন্ত এ ঘটনায় বাবা-মা হত্যায় ঐশীর সম্পৃক্ততা পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাতেই চামেলীবাগের ওই বাড়ির দুই নিরাপত্তাকর্মী মোহাম্মদ মোতালেব ও মোহাম্মদ শাহীনকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছিল। ধারণা করা হচ্ছে, তাঁদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিহত পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমানের লাশের ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্ত করেন ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক সোহেল মাহমুদ। তিনি জানান, মাহফুজুরের শরীরে দুটি ও স্বপ্নার শরীরের বিভিন্ন জায়গায় ১১টি ধারালো অস্ত্রের গুরুতর আঘাত রয়েছে। তিনি বলেন, আঘাতের ধরন দেখে মনে হচ্ছে, হত্যার সঙ্গে একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে। নিহত দুজনের ভিসেরা সংগ্রহ করে মহাখালী পরীক্ষাগারে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমানের জানাজা রাজারবাগ বড় মসজিদের সামনে অনুষ্ঠিত হয়েছে। সেখান থেকে তাঁদের দুজনের লাশ নিয়ে পুলিশের একটি বড় গাড়ি মাহফুজুর রহমানের গ্রামের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাটের উদ্দেশে রওনা হয়েছে। মাহফুজুর রহমানের পরিবারের সদস্যরা জানান, সেখানেই দুজনের লাশ দাফন করা হবে।
এ ঘটনায় সকালে পল্টন থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করা হয়েছে। নিহত মাহফুজুর রহমানের ছোট ভাই মশিহুর রহমান বাদী হয়ে ওই মামলা করেন।
এর আগে বেলা দুইটার দিকে ঐশী পল্টন থানায় যায় বলে মতিঝিল বিভাগের উপকমিশনার আশরাফুজ্জামান জানান। তিনি বলেন, ওই সময় তাকে ক্লান্ত দেখাচ্ছিল। গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্র জানায়, আজ পল্টন থানা থেকে ঐশী রহমানকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ঘটনার পর থেকে ঐশী যেখানে ছিল, সেসব জায়গায় ডিবি কর্মকর্তারা যান। এ সময় ঐশীও তাঁদের সঙ্গে ছিল। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার প্রথম আলো ডটকমকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মাহফুজুর রহমান (৪৯) ও তাঁর স্ত্রী স্বপ্না রহমানের (৪১) লাশ গতকাল শুক্রবার বাসার দরজা ভেঙে বাথরুম থেকে উদ্ধার করে পুলিশ। ‘ও’ লেভেল পড়ুয়া ঐশী ও গৃহকর্মী মোসাম্মত্ সুমি (১১) ঘটনার পর থেকে নিখোঁজ ছিল।
যেভাবে পল্টন থানায় ঐশী
পল্টন থানার কনস্টেবল এমদাদুল হক প্রথম আলো ডটকমকে বলেন, আজ দুপুর ১২টা থেকে দুইটা পর্যন্ত থানার সামনেই তিনি দায়িত্ব পালন করছিলেন। থানার প্রবেশমুখে তিনি ছিলেন। দুইটা বাজার কিছু সময় আগে একটি মেয়ে একাই থানার গেটে আসে। প্রবেশমুখে তাঁকে বলে, ‘আমি কিছু কথা বলতে চাই। কাকে বলব?’ তখন তিনি ওই মেয়েটির পরিচয় জানতে চান। মেয়েটি বলে, ‘আমার নাম ঐশী। আমি বাড্ডা থেকে এসেছি।’
এমদাদুল হক আরও জানান, ‘ঘটনার কথা আগেই জানা ছিল বলে তাঁর নাম ঐশী জানামাত্র আমার কিছু বোঝার বাকি রইল না। দ্রুত মেয়েটিকে আমি ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) ফৌজিয়া খানমের কাছে নিয়ে যাই। পরে বিষয়টি মতিঝিল বিভাগের কর্মকর্তাদের জানানো হয়।’ থানার অপারেশন অফিসার নাসিরউদ্দিন বলেন, ‘আমরা মেয়েটিকে কোনো কিছুই জিজ্ঞেস করিনি। পাঁচ-ছয় মিনিটের মতো থানায় রাখার পরে তাকে পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে পাঠানো হয়।’
পুলিশ পরিদর্শক ও স্ত্রী খুনের রহস্য খোলেনি