সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় গতকাল বুধবার আদালতে পুলিশ পরিদর্শকসহ চারজন সাক্ষ্য দিয়েছেন। গতকাল বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মো. মোতাহার হোসেন সাক্ষ্য গ্রহণ করেন।আসামিপক্ষের আইনজীবীরা সাক্ষীদের জেরা করেন। আদালত ২৬ নভেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।সাক্ষীরা হলেন: পুলিশ পরিদর্শক কাজী হানিফুল ইসলাম, মাহাবুবুর রহমান তরফদার, এস কে এম রবিউল ইসলাম ও উপপরিদর্শক মোসলেম উদ্দিন। এ নিয়ে মামলায় অভিযোগপত্রের ৩১ জন সাক্ষীর মধ্যে ২৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হলো।৩১ অক্টোবর অভিযুক্ত পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।সাক্ষ্য গ্রহণের সময় চার আসামি সাইফুল ইসলাম ওরফে মামুন, মো. আল আমীন, আকবর আলী লালু ওরফে রনি ও রফিকুল ইসলাম ওরফে খোকনকে আদালতে হাজির করা হয়।অপর দিকে, আসামি সেলিম চৌধুরী ওরফে সেলিম আহম্মেদ মামলার শুরু থেকেই পলাতক রয়েছেন।গত ৫ মার্চ রাত একটার দিকে গুলশানের কূটনীতিক এলাকার ১২০ নম্বর সড়কের ১৯/বি নম্বর বাসার সামনে গুলিবিদ্ধ হন খালাফ আল আলী (৪৫)। ৬ মার্চ ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ৭ মার্চ গুলশান থানার এসআই মোশারফ হোসেন বাদী হয়ে এই মামলা করেন।