পুলিশ, পাউবোসহ পাঁচ দপ্তরকে না রাখায় ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি দপ্তরের হয়রানি ও দুর্নীতির বিষয়ে জানার জন্য হবিগঞ্জে গতকাল বুধবার দুর্নীতি দমন কমিশন (দুদক) গণশুনানির আয়োজন করেছিল। তবে পাউবোসহ সরকারের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তরকে এ কার্যক্রমে না আনায় অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন।

গণশুনানিকালে নানা শ্রেণি-পেশার মানুষ ২৫-৩০টি অভিযোগ করেন, যেগুলোর অধিকাংশই ছিল সাব-রেজিস্ট্রার অফিস, আঞ্চলিক পাসপোর্ট অফিস, সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা সেটেলমেন্ট অফিস নিয়ে।

বেলা ১১টায় হবিগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে গণশুনানি শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন দুদকের কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম। অতিথি ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার মোছাম্মত নাজমানারা খানম, বাংলাদেশ পুলিশ সিলেট রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. কামরুল হাসান, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া, হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র। স্বাগত বক্তব্য দেন দুদকের সিলেট আঞ্চলিক কার্যালয়ের পরিচালক শিরিন পারভিন। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম।

গণশুনানিতে জেলা সদর হাসপাতাল, আঞ্চলিক পাসপোর্ট অফিস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিআরটিএ, পল্লী বিদ্যুৎ সমিতি, রাষ্ট্রীয় ও স্বায়ত্তশাসিত ব্যাংক; উপজেলার ভূমি অফিস, সেটেলমেন্ট, সাব-রেজিস্ট্রার, হিসাবরক্ষণ, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা অফিসের নানা হয়রানি ও দুর্নীতির অভিযোগ নিয়ে আলোচনা হয়।

পুলিশ প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড (পাউবো), স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), জনস্বাস্থ্য প্রকৌশল ও রেল বিভাগকে এই গণশুনানি অনুষ্ঠানে রাখা হয়নি। এ নিয়ে উপস্থিত অনেকেই আপত্তি ও প্রশ্ন তোলেন ।

দুদকের উপরিচালক খন্দকার খলিলুর রহমান বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলোর তালিকা ঢাকা অফিস থেকে প্রেরণ করা হয়। সরকারের কিছু প্রতিষ্ঠান বাদ পড়েছে সত্য। ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠান হলে বাদ পড়া প্রতিষ্ঠানকে রাখা হবে। এ ছাড়া বাদ পড়া প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কারও সুনির্দিষ্ট অভিযোগ থাকলে শুনানি নয়, দুদক সরাসরি মামলা করবে।

হবিগঞ্জ শহরের বাসিন্দা মোক্তাদির হোসেন অভিযোগ করেন, তিনি গত ১০ এপ্রিল পাসপোর্টের জন্য হবিগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে আবেদন করেন। তাঁকে পাসপোর্ট নেওয়ার তারিখ দেওয়া হয় ১ মে। নির্ধারিত দিনে সেখানে গেলে তাঁকে বলা হয়, পুলিশ তদন্ত প্রতিবেদন না আসায় পাসপোর্ট দেওয়া যাচ্ছে না। এরপর বেশ কয়েকবার ওই কার্যালয়ে গেলে একই কথা বলা হয় তাঁকে। তিন মাসের মাথায় হবিগঞ্জ সদর থানার এএসআই বিপ্লব রায় তাঁকে ফোন করে থানায় দেখা করার জন্য বলেন। পরে থানায় গেলে ওই কর্মকর্তা তাঁর কাছে টাকা চান। এ নিয়ে কানাঘুষা শুরু হলে অনুষ্ঠানে উপস্থিত পুলিশের সিলেট বিভাগের ডিআইজি মো. কামরুল হাসান মাইক্রোফোন হাতে নিয়ে বলেন, হবিগঞ্জের পুলিশ সুপার বিষয়টি জরুরি ভিত্তিতে দেখবেন।

হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া গ্রামের কোরবান আলী অভিযোগ করেন, কৃষি ও অকৃষি জমি বেচাকেনার ক্ষেত্রে মৌজাভিত্তিক সরকারি ফি নির্ধারিত আছে। কিন্তু জেলা সাব-রেজিস্ট্রার কার্যালয় তালিকা গোপন রেখে লোকজনের কাছ থেকে ২০ গুণ বেশি টাকা নিচ্ছে। এ অভিযোগের পরপরই দুদক কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম বলেন, সাব-রেজিস্ট্রার ও ভূমি অফিসের দুর্নীতির চিত্র সারা দেশেই একই রকম। এ বিষয়টি নিয়ে দুদক কাজ করছে।