পুলিশ পারেনি গ্রামবাসী পেরেছে
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার তালিকাভুক্ত শীর্ষস্থানীয় সন্ত্রাসী এবং হত্যা, চাঁদাবাজিসহ আট মামলার আসামি আরমানকে গ্রেপ্তার করতে পারছিল না পুলিশ। তাঁকে গত রোববার দিবাগত রাতে আটক করেছে গ্রামবাসী। গণপিটুনি দিয়ে সোপর্দ করেছে পুলিশের কাছে। এলাকাবাসী জানান, চাঁদা না পেয়ে আরমান ও তাঁর সহযোগীরা গত রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ষোলপাড়া গ্রামের ব্যবসায়ী কামাল হোসেনের মোটরসাইকেল ও তাঁর ঘরে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে শতাধিক গ্রামবাসী রাতে ওই গ্রাম ও পাশের দমদমা গ্রামে অভিযান চালায়। রাত তিনটার দিকে দমদমা গ্রামের একটি বাড়ি থেকে আরমানকে আটকের পর গণপিটুনি দেওয়া হয়।খবর পেয়ে সোনারগাঁ থানার পুলিশ গতকাল সোমবার ভোরে দমদমা গ্রামে গিয়ে আরমানকে গ্রেপ্তার করে।এলাকাবাসীর অভিযোগ, আরমানের সঙ্গে ক্ষমতাসীন দলের কয়েকজন নেতা ও সোনারগাঁ থানার পুলিশের কয়েকজন কর্মকর্তার সুসম্পর্ক থাকায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করেনি। তাই এলাকাবাসী নিজেরাই তাঁকে আটক করে পিটুনি দিয়েছে।আরমানকে আটকের পর তাঁর স্বীকারোক্তি অনুযায়ী হ্যান ব্যাগের হিসাবরক্ষক মনির হোসেনের কাছ থেকে লুট করা মোটরসাইকেলটি গতকাল সন্ধ্যার দিকে জেলার বন্দর উপজেলার জাঙ্গাল এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) শেখ সাদিক বলেন, ‘শীর্ষস্থানীয় সন্ত্রাসী আরমানের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ থানায় আটটি মামলা রয়েছে। তাঁকে গ্রেপ্তারের জন্য আমরা অনেক দিন ধরেই চেষ্টা করছিলাম। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।’