পুলিশ পাশে আছে। ভয়ের কারণ নেই। সাহস করে প্রতিবাদ করতে হবে। গতকাল রোববার দুপুরে চট্টগ্রামে বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয়ে ছাত্রীদের উদ্দেশে মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল জলিল মণ্ডল এ কথা বলেন। উত্ত্যক্তকারীদের প্রতিরোধে সচেতনতা বাড়াতে এ সমাবেশের আয়োজন করা হয়।
রাস্তাঘাটে কেউ যদি উত্ত্যক্ত করে বা করার চেষ্টা করে, সঙ্গে সঙ্গে তা প্রতিরোধ করতে ছাত্রীদের পরামর্শ দেন পুলিশ কমিশনার।
সমাবেশে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) বনজ কুমার মজুমদার ছাত্রীদের একটি মুঠোফোন নম্বরের ০১৮৪১৩৭৩২৩৭ কথা জানান। উত্ত্যক্তের শিকার যে কেউ এই মুঠোফোন নম্বরের ৩৭৩ লিখে খুদে বার্তা পাঠালে পুলিশ ফোন করে অভিযোগ লিপিবদ্ধ করে উত্ত্যক্তকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। কিন্তু অভিযোগকারীর নাম-পরিচয় গোপন রাখা হবে। এমনকি পরিবার ও স্কুলের শিক্ষকেরাও এ বিষয়ে কিছুই জানবেন না।
সমাবেশে বিদ্যালয়ের অধ্যক্ষ আনোয়ারা বেগম এবং দুই শিক্ষার্থীও বক্তব্য রাখেন।
এর আগে গত ৬ মে থেকে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে একই ধরনের সমাবেশ করে পুলিশ।