পুলিশ পাহারায় চলছে উন্নয়ন প্রকল্পের কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমিক সরবরাহ, কাজ বাগিয়ে নেওয়া ও চাঁদার দাবিতে পাবনার ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) একটি উন্নয়ন প্রকল্পের তিনটি ভবন নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছে দুর্বৃত্তরা। তবে গত বুধবার থেকে পুলিশ পাহারায় আবার প্রকল্পের নির্মাণকাজ শুরু করা হয়েছে।
ঈশ্বরদী ইপিজেডের মহাব্যবস্থাপক রুহুল আমিন জানান, তিনি ঘটনা জানার পর পরই সেখানে পুলিশ পাঠান। তবে কাউকে খুঁজে পাওয়া যায়নি। ঘটনার পর থেকে নির্মাণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সার্বক্ষণিক পুলিশ মোতায়েন করা হয়েছে।
গত বুধবার বিকেলে সরেজমিনে দেখা গেছে, ঈশ্বরদী থানার পাঁচজন পুলিশ ইপিজেডের প্রকল্পের এলাকায় পাহারা দিচ্ছে। এ সময় কর্মরত শ্রমিকেরা জানান, স্থানীয় কিছু সন্ত্রাসী দীর্ঘদিন ধরে প্রকল্পের শ্রমিক সরবরাহ করার ও চাঁদা দাবি করে আসছে। এ জন্য তারা প্রায় সময় প্রকল্পের শ্রমিকদের ওপর চড়াও হয়।
ঈশ্বরদী ইপিজেড ও ঠিকাদারি প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, বিশ্বব্যাংকের অর্থায়নে ৪২ কোটি ৩৮ হাজার ৯৩০ টাকা ব্যয়ে গত বছরের ১১ নভেম্বর থেকে ইপিজেডে ‘নারী’ নামে একটি প্রকল্পের আওতায় তিনটি ভবন নির্মাণের কাজ শুরু হয়। এর মধ্যে রয়েছে দোতলা প্রশিক্ষণ ভবন এবং প্রশিক্ষণার্থী নারীদের জন্য ৩০০ শয্যার চার তলা দুটি আবাসিক ভবন। এ কাজের দায়িত্ব পায় ‘প্রবাল ইঞ্জিনিয়ার্স’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০১৪ সালের ২৫ মার্চের মধ্যে এ কাজ শেষ করে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার কথা রয়েছে।
ঠিকাদার প্রতিষ্ঠান সূত্র জানায়, নির্মাণকাজ শুরুর পর থেকে পাকশী এলাকার কিছু দুর্বৃত্ত প্রায় দিনই চাঁদা দাবি করে আসছে। এ ছাড়া তারা প্রকল্পের কাজে শ্রমিক সরবরাহ ও ছোট কিছু কাজ ভাগিয়ে নেওয়ার জন্য কর্মরত শ্রমিক-কর্মচারীদের হুমকি দিয়ে আসছিল।
ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল হক জানান, এসব ঘটনার ব্যাপারে তিনি বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) মাধ্যমে বিভিন্ন সময় প্রশাসনকে অবহিত করেছেন। কিন্তু কাজ হয়নি।
পাকশী পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শহর পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মানিকুজ্জামান ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকল্প কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, গত সোমবার ২০-২৫ জন অপরিচিত যুবক প্রকল্প এলাকায় এসে কর্মরত শ্রমিকদের ওপর চড়াও হয় এবং তারা সেখানে শ্রমিক সরবরাহ করার দাবি জানায়। একপর্যায়ে সেখানে দায়িত্বশীল কোনো কর্মকর্তা বা কর্মচারীকে না পেয়ে যুবকেরা প্রকল্পের নির্মাণকাজ বন্ধ করার হুমকি দেয়।
পরদিন মঙ্গলবার সকালে এসে ওই যুবকেরা প্রকল্পের নির্মাণকাজ বন্ধ এবং শ্রমিকদের সেখান থেকে বের করে দেয়। এ খবর তাৎক্ষণিকভাবে ঈশ্বরদী ইপিজেডের মহাব্যবস্থাপককে জানানো হয়।