পুলিশ পাহারায় অফিস করলেন প্রকৌশলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিপ্তরের (এলজিইডি) প্রকৌশলী গতকাল সোমবার পুলিশ পাহারায় অফিস করেছেন। এদিকে মজুরির দাবিতে গতকাল নারীশ্রমিকেরা তাঁর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন। পরে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন। এর আগে রোববার উপজেলার পাঁচটি ইউনিয়নে এলজিইডির গ্রামীণ রক্ষণাবেক্ষণ প্রকল্পের (আরএমপি) ৫০ জন নারীশ্রমিক তিন মাসের মজুরির দাবিতে উপজেলা প্রকৌশলী আবদুস সাত্তারকে তাঁর কার্যালয়ে এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন।তাঁরা লিখিত অভিযোগে উল্লেখ করেন, জামালগঞ্জে এলজিইডির আরএম প্রকল্পে ৫০ জন নারীশ্রমিক চার বছর ধরে কাজ করছেন। বিভিন্ন সময় উপজেলা প্রকৌশলী তাঁদের মাসিক মজুরি থেকে এক হাজার টাকা করে কেটে রাখতেন। আগে এর প্রতিবাদ করায় তিনি সবার মজুরি বন্ধ করে দেন। গতকাল সকালে মজুরির জন্য তাঁরা আবার প্রকৌশলী আবদুস সাত্তারের কার্যালয়ের সামনের জড়ো হলে তিনি পুলিশে খবর দেন। পরে শ্রমিকেরা উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ করে ইউএনও বরাবরে একটি লিখিত অভিযোগ দেন। জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক জানান, নারীশ্রমিকেরা সমবেত হয়েছেন শুনে অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছিল। এ ব্যাপারে প্রকৌশলী আবদুস সাত্তার জানান, প্রকল্পের নিয়ম হচ্ছে, শ্রমিকেরা কাজ করলে মজুরি পাবেন, না করলে পাবেন না। অনেকটা দৈনিক মজুরিভিত্তিক। বর্ষার কারণে শ্রমিকেরা তিন মাস কাজ করেননি, তাই তাঁদের টাকাও দেওয়া হয়নি। তিনি জানান, নিয়মের বাইরে টাকা না দেওয়াতেই সমস্যা হচ্ছে। শ্রমিকেরা সবাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিসবাহ উদ্দিনের লোক। তাঁর ইন্ধনেই এসব হচ্ছে।তবে মিসবাহ উদ্দিন এ অভিযোগ অস্বীকার করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ মাশহুদুল কবীর জানান, তিনি উপজেলার বাইরে অবস্থান করছেন। এসে অভিযোগ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।