পুলিশ পাহারায় কালাগুল চা-বাগানে ‘তলব’
সিলেটের কালাগুল চা-বাগানে একজন চা-শ্রমিককে বরখাস্ত করার দাবিতে বাগান শ্রমিকদের মধ্যে দুটি পক্ষের সৃষ্টি হওয়ায় পুলিশ মোতায়েন করা হয়েছে। গতকাল সোমবার চা-শ্রমিকদের পুলিশ পাহারায় ‘তলব’ (সাপ্তাহিক মজুরি প্রদান) করা হয়েছে। চা-শ্রমিকদের মধ্যে দুটি পক্ষের সৃষ্টি হওয়ায় বিচ্ছিন্ন সহিংসতায় প্রায় এক সপ্তাহ ধরে বাগানে স্বাভাবিক কর্মকাণ্ড বন্ধ রয়েছে। চা-বাগান কর্তৃপক্ষ ও শ্রমিক সূত্রে জানা গেছে, বড়জান টি-এস্টেটের অন্তর্ভুক্ত সিলেট সদর উপজেলার কালাগুল চা-বাগানের অবসরপ্রাপ্ত শ্রমিক সর্দার নূরুল ইসলামের ছেলে চা-বাগান শ্রমিক ইউসুফের সঙ্গে গাড়িভাড়া নিয়ে শ্রমিকদের এক পক্ষের বচসা হয়। এর জের ধরে শ্রমিকদের মধ্যে দুটি পক্ষের সৃষ্টি হয়। এক পক্ষ বাগানের বাইরের দুটি সংগঠনের ব্যানারে নূরুল ইসলামকে বাগান থেকে প্রত্যাহার করার দাবি জানায়। অপরপক্ষ একজন পুরোনো শ্রমিক হিসেবে নূরুলের প্রত্যাহার দাবির বিরুদ্ধে অবস্থান নেয়। এ নিয়ে ১৪ মার্চ থেকে চা-বাগানে কর্মরত দুই পক্ষের শ্রমিকদের মধ্যে কাজে যোগ দেওয়া ও না দেওয়া শ্রমিকদের মধ্যে উত্তপ্ত অবস্থা বিরাজ করে। নূরুলের বিরুদ্ধে অবস্থান নিয়ে কৃষক সংগ্রাম সমিতি ও রাবার শ্রমিক সংঘ নামে দুটি সংগঠনের পক্ষে আন্দোলন ঘোষণা করা হয়। আন্দোলনকারীরা গত বোববার ভোর রাতে বাগানের কর্মচারী নাজিম উদ্দিনের ঘরে হামলা ও ভাঙচুর চালায়। একইভাবে শনিবার দুপুরে বাগানের পঞ্চায়েত সেক্রেটারি রঞ্জু নায়েকের ঘরে ও শুক্রবার রাতে বাগানের আরেকজন কর্মচারী জুনেদ আহমদের ঘরে হামলা চালায়। গত বৃহস্পতিবার বাগানের নির্মাণাধীন একটি বিদ্যালয়ের কক্ষ ভেঙে ফেলে ও রাতে বাগানের বাজারে আগুন দিয়ে ১০টি দোকান পুড়িয়ে দেয়। বিচ্ছিন্নভাবে এসব সহিংস কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে বাগান কর্তৃপক্ষ সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানায় লিখিতভাবে আবেদন করে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয় পুলিশকে অবহিত করা হলে রোববার বিকেল থেকে কালাগুল চা-বাগানে পুলিশ মোতায়েন করা হয়। এক পক্ষের শ্রমিকদের অভিযোগ, নূরুলের প্রতিপক্ষ লোকজন পাশের একটি রাবার বাগানে কাজ করার সুবাদে রাবার শ্রমিকদের নেতৃত্বে একদল বহিরাগত সন্ত্রাসী সহিংসতা চালিয়েছে। খাদিমনগরের মাখর খলায় ওই সংগঠনের সাইনবোর্ডসর্বস্ব কার্যালয় থাকলেও চা-বাগানের অভ্যন্তরীণ বিষয়ে এঁদের কোনো দাবি জানানোর এখতিয়ার নেই। এ নিয়ে চা-বাগানে কর্মরত ব্যক্তিদের নানাভাবে উসকানি দেওয়া হচ্ছে বলে নূরুলের পক্ষের শ্রমিকেরা জানান। আন্দোলনকারীদের পক্ষে কৃষক সংগ্রাম সমিতির যুগ্ম আহ্বায়ক ও রাবার বাগান শ্রমিক সুজন কুর্মির দাবি, নূরুল একজন অবসরপ্রাপ্ত শ্রমিক। চা-বাগানে কর্মরত শ্রমিকদের নূরুল নানাভাবে নির্যাতন করেন। এ জন্য সব চা-শ্রমিক তাঁদের ব্যানারে নূরুলের অপসারণ চেয়ে আন্দোলন করছেন। চা-বাগানের অভ্যন্তরে চা-শ্রমিকদের নিয়ে আন্দোলনের নামে সহিংসতার প্রশ্ন তুলে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন উত্তর সিলেট ভ্যালির সভাপতি শ্রীবাস মাহালি জানান, বাগান মালিকদের সংগঠন বাংলাদেশি চা সংসদ ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মধ্যে চুক্তির মাধ্যমে বাগানের কাজ চলে। শ্রমিকদের মধ্যকার সমস্যা তাঁদের পঞ্চায়েত দেখে এবং মীমাংসা করে থাকে। কিন্তু কালাগুল চা-বাগানের ঘটনায় বহিরাগত ব্যক্তিরা জড়িত থাকায় পঞ্চায়েত দ্বারা সমাধান করা সম্ভব হচ্ছে না। আজ মঙ্গলবার চা-বাগান শ্রমিকদের দুটি পক্ষকে নিয়ে সমঝোতা বৈঠক হওয়ার কথা রয়েছে জানিয়ে বুরজান চা এস্টেটের ফিল্ড সুপারভাইজার সঞ্জয় আচার্যি প্রথম আলোকে জানান, কাজ বন্ধ থাকায় গত এক সপ্তাহে চা-পাতা নষ্ট হয়ে বাগানের ৮০ লাখ টাকাসহ প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ অবস্থায় পাঁচ শতাধিক শ্রমিক একটানা চারদিন কর্মহীন থাকার পরও গতকাল সোমবার তাঁদের ‘তলব’ দেওয়া হয়েছে। আন্দোলনের নামে বাগানের বাইরে থেকে সহিংস-তৎপরতার বিরুদ্ধে চা-বাগান কর্তৃপক্ষ প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেবে। সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল জানান, ঘটনা সম্পর্কে পুলিশ অবগত থাকলেও সিলেটে প্রধানমন্ত্রীর সফর থাকায় পুলিশ বিভাগে লোকবলের অভাব থাকায় বাগানের নিরাপত্তায় পুলিশ মোতায়েন সম্ভব হয়নি। সংঘটিত সহিংস কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া গেলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।