পুলিশ পাহারায় ঢাকা আসছেন ১৩ জেলার ডিসি-এসপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনী আইনশৃঙ্খলা-বিষয়ক নির্বাচন কমিশনের বৈঠকে যোগ দিতে পুলিশ পাহারায় ঢাকায় আসছেন ১৩ জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি)। নিরাপত্তাহীনতার কারণে তাঁরা পুলিশ পাহারায় ঢাকায় আসছেন বলে জানা গেছে।

কুমিল্লা ও নাটোরের জেলা প্রশাসনের কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের বৈঠকে যোগ দিতে ১৩ ডিসি ও এসপি আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন।

কুমিল্লা জেলা প্রশাসনের কার্যালয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও কুমিল্লার জেলা প্রশাসক ও পুলিশ সুপাররা একসঙ্গে কুমিল্লা থেকে রওনা দেন। তাঁরা পুলিশি পাহারায় কুমিল্লা নগরের শাসনগাছা এলাকা দিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন।

জানতে চাইলে কুমিল্লার জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া বলেন, ‘নির্বাচন কমিশনে শুক্রবার বৈঠক আছে। অবরোধের কারণে পুলিশ নিয়ে আমরা পাঁচ জেলার ডিসি ও এসপিরা ঢাকায় যাচ্ছি।’

নাটোরের জেলা প্রশাসন সূত্র জানায়, এ সভায় যোগ দিতে রাজশাহী বিভাগের আট জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা নির্বাচন কর্মকর্তারা সশস্ত্র পাহারায় ঢাকায় রওনা হয়েছেন। তাঁদের সঙ্গে  বিভাগীয় কমিশনার ও ডিআইজিও রয়েছেন। গতকাল বুধবার ও আজ তাঁরা নাটোরের বনপাড়া-হাটিকুমরুল সড়ক হয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করেন।

নাটোরের জেলা নির্বাচন অফিস ও পুলিশ সূত্র জানায়, ১৮ দলের টানা অবরোধ কর্মসূচি ও  অবরোধকারীদের হামলা এড়াতে রাজশাহী বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা গতকাল বিকেল থেকে সশস্ত্র পাহারায় ঢাকা যেতে শুরু করেছেন। নিরাপত্তার জন্য এ এলাকার জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তারা একত্র হয়ে পুলিশ ও বিজিবির সশস্ত্র পাহারায় নাটোরের বনপাড়া-হাটিকুমরুল সড়ক হয়ে সিরাজগঞ্জের হাটিকুমরুলের হোটেল অ্যারিসট্রোকেটে মিলিত হন। সেখান থেকে রাতে ঢাকায় পৌঁছান। একইভাবে আজ রাজশাহী রেঞ্জের ডিআইজি ও পুলিশ সুপার বিশেষ পাহারায় একই পথে বেলা আড়াইটায় নাটোর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন।

নাটোরের জেলা নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, রাষ্ট্রীয় দায়িত্ব ও নিরাপত্তার কথা ভেবে সবাইকে একত্র হয়ে বিশেষ পাহারায় ঢাকায় আসতে হচ্ছে।