পুলিশ পাহারায় মহাখালী থেকে ছাড়ছে বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মহাখালী আন্তনগর বাস টার্মিনাল থেকে ময়মনসিংহ ও টাঙ্গাইলের উদ্দেশে আগে-পিছে পুলিশ পাহারায় কয়েক ধাপে দূরপাল্লার বাস ঢাকা ছাড়তে দেখা গেছে। তবে আজ শনিবার বেলা দুইটা পর্যন্ত রাজধানীর বাইরে থেকে এই টার্মিনালে কোনো গাড়ি আসেনি।

পুলিশ, চালক ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল নয়টায় তিনটি, বেলা সাড়ে ১১টায় সাতটি ও দেড়টায় চারটি বাস একসঙ্গে গন্তব্যের উদ্দেশে মহাখালী আন্তনগর বাস টার্মিনাল ছেড়েছে। প্রতিটি দফার যাত্রায় বাসগুলোর সামনে একটি ও পেছনে একটি পুলিশের পিকআপ ভ্যান ছিল।

মহাখালী ট্রাফিক অঞ্চলে কর্তব্যরত ট্রাফিক পরিদর্শক মিজানুর রশিদ প্রথম আলো ডটকমকে বলেন, সকাল নয়টায় এই বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস ছাড়া হচ্ছে। গাড়ির আগে ও পেছনে পুলিশ দেওয়া হচ্ছে। ঢাকা মহানগর পুলিশ নিরাপত্তা দিয়ে গাড়িগুলো আবদুল্লাহপুর পর্যন্ত পৌঁছে দিচ্ছে। এরপর সংশ্লিষ্ট জেলা গাড়িগুলোর নিরাপত্তা দেবে।

বেলা সোয়া একটার দিকে মহাখালী বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, শ্রমিক কমিটির নিয়ন্ত্রণকক্ষের মাইকে সংশ্লিষ্ট চালক ও যাত্রীদের বাসে উঠতে বলা হয়। এরপর একটা ২৫ মিনিটে ঢাকা-টাঙ্গাইল রুটে রুবিনা, বিনিময়, পলল ও ধলেশ্বরী পরিবহনের চারটি বাস একসঙ্গে টার্মিনাল ছাড়ে। বাস বহরের সামনে ও পেছনে একটি করে পুলিশের পিকআপ ভ্যান ছিল।

মহাখালী আন্তনগর বাস টার্মিনালের শ্রমিক ইউনিয়নের কার্যকরী সদস্য মজিবুর রহমান বলেন, ‘ময়মনসিংহ ও টাঙ্গাইলের উদ্দেশে পুলিশ পাহারায় বাস ছেড়ে যাচ্ছে। তবে যাত্রী কম। উদ্যোগটি খুবই ভালো। তবে আরও যাত্রী থাকলে আমাদের জন্য ভালো হতো।’

হরতাল-অবরোধ থাকলেও শুক্রবার থেকে দূরপাল্লার যানবাহন চলাচল করবে বলে ঘোষণা দিয়েছিলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। এ জন্য সরকার নিরাপত্তার সার্বিক ব্যবস্থা নেবে বলে তিনি জানান। গত বুধবার নৌপরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভা শেষে নৌপরিবহনমন্ত্রী এ ঘোষণা দেন।