পুলিশ পেটানোর মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতার জামিন
রংপুরের বদরগঞ্জে পুলিশ কর্মকর্তাকে মারপিট ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আবদুর রাজ্জাক জামিন পেয়েছেন। আজ মঙ্গলবার রংপুরের বদরগঞ্জ আমলি আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে আবেদন করলে বিচারক মো. ফজলে এলাহী তাঁর জামিন মঞ্জুর করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত শনিবার বদরগঞ্জ পৌরশহরের থানা সড়কের মোড়ে দুর্গা প্রতিমা বিসর্জনে নিরাপত্তার দায়িত্বে থাকা বদরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলামের ইউনিফর্ম ধরে মারধর করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আবদুর রাজ্জাক। এরপর পুলিশ সেখান থেকে তাঁকে আটক করেন। খবর পেয়ে রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক ওরফে ডিউক চৌধুরী তাঁর অনুসারীদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে রাজ্জাককে ছেড়ে দিতে পুলিশকে নির্দেশ দেন। এই নির্দেশ না মানায় সাংসদের অনুসারীরা ক্ষুব্ধ হয়ে পুলিশের কাছ থেকে রাজ্জাককে ছিনিয়ে নেন বলে অভিযোগ রয়েছে।
ওই ঘটনায় এসআই নজরুল বাদী হয়ে মারপিট ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে রাজ্জাকসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে বদরগঞ্জ থানায় মামলা করেন। তবে রাজ্জাককে ছিনিয়ে নেওয়ার কথা মামলায় উল্লেখ করেননি তিনি।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান প্রধান মুঠোফোনে বলেন, ‘পুলিশ কর্মকর্তাকে মারপিটের মামলায় রাজ্জাক স্বেচ্ছায় আজ আদালতে হাজির হয়ে জামিন পেয়েছেন বলে শুনেছি। তবে এখনো কাগজ পাইনি।’