পুলিশ পেটাল মাকে!
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের শয্যায় যন্ত্রণায় কাতরাচ্ছেন গৃহবধূ তাসলিমা খাতুন (৩৮)। সদর উপজেলার গোপালপুর গ্রামের এই গৃহবধূর অভিযোগ, পুলিশের সহকারী উপপরির্দশক (এএসআই) মো. দুলাল আহমেদ গত বৃহস্পতিবার দুপুরে তাঁকে বিনা কারণে পেটানোয় তাঁর এ অবস্থা। হাসপাতালে চিকিৎসাধীন তাসলিমা খাতুন জানান, গ্রামে আধিপত্য নিয়ে বিশ্বাস ও মণ্ডল পক্ষের মধ্যে কয়েক মাস ধরে বিরোধ চলছে। গত বৃহস্পতিবার সকাল থেকে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় স্থানীয় পুলিশ ক্যাম্পের ১০-১২ জন পুলিশসদস্য এলাকায় আসেন। দুপুরে একপর্যায়ে মারামারি হওয়ার উপক্রম হলে তাঁর ছেলে আরিফুল (১০) পুলিশের ভয়ে বাড়ি থেকে বের হয়ে পাশের ছোট একটা নদী পার হয়ে ওপারে চলে যায়। তিনি তাঁর পেছন পেছন যান। গৃহবধূ বলেন, ‘পুলিশ এসে বলে, তুই কি সংবাদ দিতে আইছিস, লোকজন পার করি দিছিস? এ কথা বলেই রুল দিয়ে পিটাতি থাকে। মাটিতে পড়ে গেলে ওই পুলিশ বলে, তুই মইরি যা, আর যেন আমার সামনে না পড়িস। কোমর থেকে বা পায়ের পাশে মারতে থাকে। মাথায়ও একটা বাড়ি দেয়। আমি হুঁশ হারি ফেইলি পড়ি যায়।’কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক মো. মনিরুজ্জামান বলেন, কোমর থেকে বাম পাশের নিচের দিকে পেটানোর চিহ্ন রয়েছে। কয়েক জায়গায় রক্ত জমে কালো হয়ে গেছে। ওই নারী পা তুলতে পারছেন না। এ জন্য কোমরের একটা এক্স-রে করতে বলা হয়েছে। আব্দালপুর ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) দুলাল আহমেদ বলেন, ‘গোপালপুরের ঘটনায় এক মহিলাকে পুলিশ মেরেছে বলে জেনেছি। তবে আমি মারিনি। কোন পুলিশ মেরেছে তাও জানি না। এই এলাকায় সবাই আমাকে চেনে এবং জানে। সে কারণে আমার নাম আসছে। তা ছাড়া মহিলাদের গায়ে হাত তোলার কোনো প্রশ্নই আসে না।’