পুলিশ প্রতিবেদন না দেওয়ায় সাক্ষ্য গ্রহণ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতে জীবিত আসামিদের ব্যাপারে পুলিশ প্রতিবেদন না দেওয়ায় ৪০ বছর আগে দায়ের করা গোপালগঞ্জের চার মুক্তিযোদ্ধা হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ হয়নি। গতকাল সোমবার ওই সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। সরকারি সহকারী কৌঁসুলী দেলোয়ার হোসেন সরদার জানান, ২০১২ সালের ৩০ নভেম্বর জেলার স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক নূর মোহাম্মদ জাহাঙ্গীর গোপালগঞ্জ সদর ও কোটালীপাড়া থানাকে মামলাটির জীবিত আসামিদের সংখ্যা ও অবস্থান জানিয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। কিন্তু কোটালীপাড়া থানা-পুলিশ প্রতিবেদন দাখিল করলেও গত চার মাসে গোপালগঞ্জ সদর থানা-পুলিশ আদালতে প্রতিবেদন দাখিল করেনি। এ কারণে গতকাল সাক্ষ্য গ্রহণ হয়নি। ২১ এপ্রিল আদালত মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।গতকাল মামলার শুনানি শেষে আদালত চত্বরে সাংবাদিকদের কাছে নিহত মুক্তিযোদ্ধা কমলেশ বেদজ্ঞের মেয়ে সুতাপা বেদজ্ঞ বলেন, আদালতের নির্দেশ পাওয়ার পরও গোপালগঞ্জ সদর থানার পুলিশ তা পালন করেনি। এতে ওই থানা-পুলিশের সততা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজিমের সঙ্গে দেখা করে তাঁকে বিষয়টি তিনি অবহিত করেছেন। এ ব্যাপারে আশরাফুল আজিম ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। ১৯৭৩ সালের ১০ মার্চ কোটালীপাড়া উপজেলা থেকে গোপালগঞ্জ ফেরার পথে টুপুরিয়া নামক এলাকায় দুর্বৃত্তদের হাতে খুন হন মুক্তিযুদ্ধের ৮ ও ৯ নম্বর সেক্টরের প্রধান সমন্বয়কারী ওয়ালিউর রহমান, ন্যাপের নেতা কমলেশ বেদজ্ঞ, ছাত্র ইউনিয়নের নেতা বিষ্ণুপদ ও মানিক। দীর্ঘ ৩৫ বছর উচ্চ আদালতের নির্দেশে ওই চার মুক্তিযোদ্ধা হত্যা মামলার বিচারকাজ বন্ধ ছিল। সর্বশেষ ২০১২ সালের ৩ এপ্রিল উচ্চ আদলতের নির্দেশে মামলাটির বিচারকাজ গোপালগঞ্জে শুরু হয়। বর্তমানে এ মামলার এজাহারভুক্ত ২৭ আসামির মধ্যে ১৭ জন জীবিত রয়েছেন।