পুলিশ প্রতিবেদন না পাওয়ায় ঝুলে আছে ৪৫০ জনের ভাগ্য
৩৪তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু ক্যাডার পদ পাননি (নন-ক্যাডার), এমন ৪৫০ জনকে গত বছরের আগস্টে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের সুপারিশ করে সরকারি কর্মকমিশন (পিএসসি)। নিয়োগের জন্য প্রায় এক বছর ধরে অপেক্ষায় থাকা ৪৫০ জন জানেন না তাঁদের ভাগ্যে কী আছে। কবে নিয়োগ হবে।
পিএসসি গত বছরের ১৪ আগস্ট সুপারিশ করার পর ইতিমধ্যে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন শেষ হয়েছে। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশ ভেরিফিকেশনের প্রতিবেদন না পাওয়ায় এসব প্রার্থীর নিয়োগ আটকে আছে। এর মধ্যেই গত বৃহস্পতিবার পিএসসি ৩৫তম বিসিএসে উত্তীর্ণ ৭০৭ জনকে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের সুপারিশ করেছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরেক প্রার্থী বলেন, ‘একটি বেসরকারি স্কুলে চাকরি করতাম। দ্রুত নিয়োগ হয়ে যাবে চিন্তা করে চাকরিটা ছেড়ে দিয়েছিলাম। এখন কয়েক মাস ধরে বেকার জীবন কাটাচ্ছি। সামাজিক, পারিবারিকভাবে খুব অস্বস্তিতে দিন যাপন করতে হচ্ছে।’
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করা এক প্রার্থী বলেন, ‘এতগুলো ধাপ পার হয়ে এসে এখন নিয়োগ পাচ্ছি না। পিএসসি সুপারিশ করার পরও পুলিশ ভেরিফিকেশনের কারণে নিয়োগ পেতে অনেক সময় লেগে যায়। এ বছরের জানুয়ারিতে ভেরিফিকেশন হয়েছে, অথচ এখনো পুলিশের প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে যায়নি বলে শুনেছি।’
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পাস করা আরেক নারী প্রার্থী বলেন, ‘মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগের সুপারিশ পাওয়ায় পরিবারের সবাই খুশি ছিল। কিন্তু এত দিনেও যোগ দিতে না পারায় এখন আমার মতো পরিবারও হতাশ।’
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পুলিশ) মো. আনিছুর রহমান প্রথম আলোকে বলেন, ‘কোনো ভেরিফিকেশনে এত দিন লাগার কথা না। এই ভেরিফিকেশনের বিষয়টি আমার সঠিক জানা নেই। আমি খোঁজ নেব।’
শিক্ষা মন্ত্রণালয় ও মাউশির সূত্র জানায়, বর্তমানে দেশের ৩৩৩টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় ২ হাজার সহকারী শিক্ষকের পদ ফাঁকা। সহকারী শিক্ষকের অনুমোদিত পদ আছে ১০ হাজার ৬টি। সবচেয়ে বেশি সমস্যা ইংরেজি, গণিত ও বাংলা বিষয়ে। কিন্তু নানা জটিলতায় সহকারী শিক্ষক পদে ২০১২ সালের জানুয়ারির পর আর নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না।
এই জটিলতা দূর করতে গত বছরের ২৬ জুন এক সভায় ৩৪তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের সিদ্ধান্ত নেয় পিএসসি।
২০১২ সালে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের পদ তৃতীয় থেকে দ্বিতীয় শ্রেণির গেজেটেড পদমর্যাদায় উন্নীত করা হয়। এর ফলে নতুন করে শিক্ষক নিয়োগের জন্য নিয়োগবিধি সংশোধনের প্রয়োজনীয়তা দেখা দেয়। কারণ দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা নিয়োগ করতে হয় পিএসসির মাধ্যমে। কিন্তু সাড়ে পাঁচ বছর পেরিয়ে গেলেও নিয়োগবিধি চূড়ান্ত করতে পারেনি সরকার। তাই নিয়োগও আটকে আছে। এ কারণে সংকটও বাড়ছে।
পিএসসির একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের চাহিদাপত্র পাওয়ার পরিপ্রেক্ষিতে পিএসসি নিয়োগের সুপারিশ করেছে। সহকারী শিক্ষকের সংকট রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের উচিত দ্রুত এসব প্রার্থীকে নিয়োগের ব্যবস্থা করা।
জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক এস এম ওয়াহিদুজ্জামান প্রথম আলোকে বলেন, পর্যাপ্ত শিক্ষক না থাকায় বিদ্যালয়গুলোতে পাঠদানে সমস্যা হচ্ছে। তবে মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, ওই সব প্রার্থীর পুলিশ ভেরিফিকেশন শেষ হয়েছে। খুব শিগগির এই ৪৫০ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে।