পুলিশ-প্রশাসন ও স্থানীয়দের উদ্যোগে ৭ কিশোরীর রক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজস্ব উদ্যোগ, সহপাঠী-শিক্ষক ও কিশোরী ক্লাবের সহায়তা এবং পুলিশ-প্রশাসনের হস্তক্ষেপে ছয় জেলায় বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে সাত কিশোরী। গত সোমবার দুপুর থেকে গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত এসব বাল্যবিবাহ বন্ধের ঘটনা ঘটে।
প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে সপ্তম শ্রেণির (১৪) এক স্কুলছাত্রী শিক্ষকদের সহায়তা নিয়ে প্রশাসনের মাধ্যমে নিজের বাল্যবিবাহ রুখে দিয়েছে। গতকাল চরপার্বতী ইউনিয়নের একটি এলাকায় এ ঘটনা ঘটে। মেয়েটির বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, পাঁচ বছর আগে মেয়েটির বাবা মারা যাওয়ার পর তার মায়ের অন্যত্র বিয়ে হয়। তখন থেকে দাদা-দাদি তাঁকে দেখাশোনা করতেন। সম্প্রতি দাদা-দাদি তার পড়ালেখা বন্ধ করে একই ইউনিয়নের এক ব্যক্তির সঙ্গে বিয়ে ঠিক করেন। বিষয়টি জানার পর গতকাল সকালে স্কুলছাত্রী বিদ্যালয়ে এসে কান্নাকাটি করে তাঁকে ওই ঘটনা জানায়। পরে বিষয়টি উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমানকে অবহিত করা হয়। তিনি সহকারী কমিশনার (ভূমি) মো. মাহফুজুর রহমানকে ব্যবস্থা নিতে বলেন। এরপর মেয়েটির দাদিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বিদ্যালয়ে ডেকে তাঁদের বাল্যবিবাহের কুফল সম্পর্কে বুঝিয়ে বিয়ে বন্ধ করা হয়।
ফেনীর সোনাগাজীতে সোমবার দুপুর ও রাতে দুই স্কুলছাত্রীর বিয়ে বন্ধ করে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিনহাজুর রহমান। উপজেলা প্রশাসন সূত্র জানায়, উপজেলার বগাদানা ইউনিয়নের দশম শ্রেণির এক স্কুলছাত্রীর সঙ্গে আমিরাবাদ ইউনিয়নের এক যুবকের বিয়ের ক্ষণ ধার্য হয় সোমবার দুপুরে। খবর পেয়ে ইউএনও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আলাউদ্দিনকে সঙ্গে নিয়ে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে দেন। বিকেলে মতিগঞ্জ ইউনিয়নে সপ্তম শ্রেণির আরেক ছাত্রীর সঙ্গে পৌর এলাকার এক প্রবাসীর আকদ হওয়ার কথা ছিল। পরে ইউএনও গিয়ে সেই বিয়ে বন্ধ করে দেন।
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. সোহাগ হোসেনের হস্তক্ষেপে গতকাল দুপুরে নবম শ্রেণির এক ছাত্রীর (১৫) বিয়ে বন্ধ হয়েছে। উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার বলেন, গোপন খবর পেয়ে পুলিশের সহযোগিতায় কনেবাড়িতে অভিযান চালানো হয়। তখন বরযাত্রীরা পালিয়ে যান। বাড়ি থেকে কনে ও তার বাবাকে উপজেলা পরিষদের কার্যালয়ে এনে নির্বাহী হাকিমের উপস্থিতিতে মুচলেকা আদায় করা হয়েছে।
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার একটি গ্রামে স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে অষ্টম শ্রেণির এক ছাত্রী (১৪)। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, পারিবারিক সমস্যা ও অর্থসংকটে এবার জেএসসি পরীক্ষা দিচ্ছে না মেয়েটি। সোমবার সন্ধ্যায় তার সঙ্গে একই গ্রামের এক যুবকের (২৫) বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে ওসি মো. কুতুব উদ্দিন বিয়ে বন্ধে সহকারী উপপরিদর্শক মো. হাসেমকে নির্দেশ দেন। হাসেম পুলিশের কয়েকজন সদস্য নিয়ে কনেবাড়িতে যান এবং বর ও কনেপক্ষকে বুঝিয়ে বিয়ে বন্ধ করেন।
ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়ন কিশোরী ক্লাবের দলনেতা মো. সুমী ও প্রশাসনের চেষ্টায় গতকাল দশম শ্রেণির এক ছাত্রীর (১৫) বিয়ের আয়োজন বন্ধ করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) মো. রুহুল আমিন বলেন, দুপুরে মেয়েটির গায়েহলুদ হয়। রাতে প্রবাসী এক যুবকের (২৮) সঙ্গে তার বিয়ে হওয়ার কথা ছিল। খবর পেয়ে কনেবাড়ি গেলে মেয়ে ও বাবা-মা আত্মগোপন করেন। পরে মেয়েটির বড় দুই বোনের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।
এ ছাড়া সাতক্ষীরার তালা উপজেলার খলিশখালী ইউনিয়নের একটি গ্রামে সোমবার রাতে কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে সপ্তম শ্রেণির এক মাদ্রাসাছাত্রী (১৫)। মেয়েটির সঙ্গে পাশের একটি গ্রামের এক যুবকের (২৫) বিয়ে ঠিক হয়েছিল।