স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক বলেছেন, দেশের মানুষের শান্তি বিনষ্ট করতে নানা ধরনের ষড়যন্ত্র শুরু করেছে অপশক্তি। এই অপশক্তিকে রুখতে পুলিশ প্রশাসনকে লাইনে আনতে হবে। তিনি বলেন, পুলিশ প্রশাসন বর্তমানে কিছুটা লাইনে এসেছে। চূড়ান্তভাবে লাইনে এলে অপশক্তি রোখা সম্ভব হবে।খুলনা সার্কিট হাউসে গতকাল মঙ্গলবার দুপুরে খুলনায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন।জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন সিটি মেয়র তালুকদার আবদুল খালেক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী প্রমুখ। সভায় নেতা-কর্মীরা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে খুলনার পুলিশ প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করে বলেন, এই পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সমর্থক রয়েছে। এ ছাড়া যুবলীগের কেন্দ্রীয় নেতা ও ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহীদ ইকবাল বিথার হত্যার নয় মাস পার হলেও নগর পুলিশ অভিযোগপত্র দেয়নি। প্রতিমন্ত্রী এর পর সেখানে পুলিশ-র্যাব ও সিভিল প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন। এতে পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ, র্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার, বিভাগীয় কমিশনার মো. ইউনুসুর রহমান, খুলনা রেঞ্জের ডিআইজি মো. হেমায়েত হোসেন, পুলিশ কমিশনার মো. হেলাল উদ্দিন বদরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা যোগ দেন।