নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার ঘটনায় সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে করা তদন্তের প্রতিবেদন আগামী ৪ আগস্টের মধ্যে জমা দিতে নারায়ণগঞ্জের পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এই আদেশ দেন। গতকাল আদালতে এই ঘটনা নিয়ে জেলা প্রশাসনের প্রতিবেদন উপস্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোতাহার হোসেন। একই সঙ্গে তিনি নারায়ণগঞ্জের এসপি ও বন্দর থানার ওসি সময়ের আরজি তুলে ধরে তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দিতে ৬০ দিন সময় চেয়ে আবেদন করেন।
আদালত জেলা প্রশাসনের প্রতিবেদন গ্রহণ করেন এবং পুলিশকে প্রতিবেদন দেওয়ার জন্য ৪ আগস্ট দিন ধার্য করে দেন। আদালত বলেন, আগামী ৭ আগস্ট বিষয়টি পরবর্তী আদেশের জন্য কার্যতালিকায় আসবে।