পুলিশ ফাঁড়ি থেকে আসামি ছিনতাই
খাগড়াছড়ি সদরের ভাইবোনছড়া ইউনিয়নে পুলিশের কাছ থেকে এক আসামিকে ছিনিয়ে নিয়েছে এলাকাবাসী। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে পুলিশের দুই সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার দুপুরে ইউনিয়নের ভাইবোনছড়া পুলিশ ফাঁড়িতে এই ঘটনা ঘটে। অরুণ বিকাশ চাকমা নামের ওই আসামি পানছড়ি উপজেলা পশুসম্পদ বিভাগের কর্মকর্তা।
পুলিশ সূত্রে জানা গেছে, অবৈধ অস্ত্র রাখার অভিযোগে অরুণ বিকাশ চাকমাকে গতকাল সোমবার দিবাগত রাত দুইটার দিকে ভাইবোনছড়া ইউনিয়নের ম্রাসানাই কার্বারীপাড়ার নিজ বাড়ি থেকে সেনাসদস্যরা আটক করেন। আজ তাঁকে ভাইবোনছড়া পুলিশ ফাঁড়ির পুলিশের কাছে একটি দেশীয় অস্ত্রসহ হস্তান্তর করা হয়। এ খবর শুনে ম্রাসানাই কার্বারীপাড়াসহ আশপাশের গ্রামের ক্ষুব্ধ জনতা পুলিশ ফাঁড়ি ঘিরে রাখে। একপর্যায়ে তারা পুলিশের কাছ থেকে আটক অরুণ বিকাশ চাকমাকে ছিনিয়ে নেয়। এ সময় পুলিশের সঙ্গে স্থানীয় জনতার সংঘর্ষ বাধে। এতে পুলিশের দুই সদস্যসহ অন্তত ১০ জন আহত হন।
এদিকে এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী খাগড়াছড়ি-পানছড়ি সড়কে গাছ ফেলে সড়ক অবরোধ করে রেখেছে। এই সড়কে যানচলাচল বন্ধ রয়েছে।
ভাইবোনছড়া ইউনিয়নের চেয়ারম্যান কান্তি লাল দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) পুলিশ ফাঁড়িতে আলোচনা চলছে। অবরোধ তুলে নেওয়ার ব্যাপারে চেষ্টা করা হচ্ছে।
খাগড়াছড়ি পুলিশ সুপার (এসপি) শেখ মো. মিজানুর রহমান বলেন, পুলিশ এ ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।