পুলিশ ফাঁড়িতে আটকে রেখে রাতভর নির্যাতন!
মানিকগঞ্জের বরাঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট শফিকুল আজমের নেতৃত্বে পুলিশ একজন ট্রাক শ্রমিককে রাতভর নির্মম নির্যাতন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর অবস্থায় ওই শ্রমিককে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাক শ্রমিক কামরুজ্জামানের দাবি, ট্রাকের মালিকের প্ররোচনায় সোমবার রাত আটটা থেকে ভোর পর্যন্ত ফাঁড়িতে আটকে রেখে তাঁর ওপর নির্যাতন চালানো হয়। তবে এই অভিযোগ অস্বীকার করে সার্জেন্ট শফিকুল আজম প্রথম আলোকে বলেন, ‘দুর্ঘটনাকবলিত ট্রাক থেকে ২৩ হাজার টাকা হারিয়ে যাওয়ার ঘটনায় ট্রাকমালিক লিখিত অভিযোগ দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে কামরুজ্জামানকে ফাঁড়িতে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে মাত্র।’ অন্যদিকে ট্রাকমালিক মিলন হোসেন বলেন, ‘টাকা খোয়া যাওয়ার বিষয়ে কামরুজ্জামান ফাঁড়ির পুলিশ সদস্যদের দোষারোপ করায় পুলিশ তাঁকে ধরে নিয়ে মারধর করেছে। আমি নিজে তাঁকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে এনেছি।’ হাসপাতালে চিকিৎসাধীন কামরুজ্জামান (২৬) জানান, তাঁর বাড়ি আলমডাঙ্গা উপজেলার কুলপালা গ্রামে। তিনি একই গ্রামের মিলন হোসেনের মালিকানাধীন ট্রাকের সহকারী। তিনি বলেন, গত রোববার মানিকগঞ্জের শিবালয় এলাকায় ট্রাকটির (ঢাকা মেট্রো ট ১৪-৫২৮২) টায়ার ফেটে দুর্ঘটনাকবলিত হয়। হামলার ভয়ে তিনি ও ট্রাকের চালক শিমুল পালিয়ে যান। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ট্রাকের কাছে ফিরে যান। এ সময় তাঁরা দেখতে পান, ট্রাকের ভেতরে রাখা ২৩ হাজার টাকা নেই। এদিকে খবর পেয়ে চুয়াডাঙ্গা থেকে ট্রাকমালিক তাঁর এক শ্যালক ও এক ভগ্নিপতিকে নিয়ে দুর্ঘটনাস্থলে এসে হাজির হন। ট্রাকটি উদ্ধার শেষে সোমবার সন্ধ্যায় তাঁরা চুয়াডাঙ্গার উদ্দেশে রওনা দেন। কিন্তু কিছুদূর এসে মালিকের কথামতো চালক ট্রাকটিকে শিবালয়ের রুমানা ফিলিং স্টেশনে দাঁড় করান। ট্রাকমালিক ফোন দিলে বরাঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট শফিকুল আজমসহ একদল পুলিশ সেখানে এসে উপস্থিত হয় এবং তাঁকে গাড়িতে তুলে ফাঁড়িতে নিয়ে যায়। কামরুজ্জামানের বিবরণ অনুযায়ী, ফাঁড়িতে নেওয়ার পর চোখ বেঁধে হাতকড়া পরিয়ে ও পিঠমোড়া দিয়ে রাত আটটা থেকে ভোররাত পর্যন্ত তাঁকে পেটানো হয়। এ সময় লাঠি ছাড়াও বোতলে গরম পানি ভরে তাঁকে পেটানো হয়। তা ছাড়া বৈদ্যুতিক শক দেওয়া হয়। নির্যাতনের সময় তিনি কয়েক দফা অচেতন হয়ে পড়েন। নির্যাতন শেষে মঙ্গলবার সকালে তাঁকে রুমানা ফিলিং স্টেশনে পৌঁছে দেওয়া হয়। আবার সেই ট্রাকে করেই তাঁকে চুয়াডাঙ্গায় নেওয়া হয়। রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করানো হয়।