পুলিশ ফাঁড়িতে গুলিবিদ্ধ হয়ে আনসার সদস্যের মৃত্যু
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার তত্তিপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত আনসার সদস্য আজিজুল হক মোল্যা (৪০) গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। পুলিশ বলছে, গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নিজ শোবার ঘরে মাথায় রাইফেল ঠেকিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করেন আজিজুল। আজিজুল পাবনার ফরিদপুর উপজেলার আখজন্তিপুর গ্রামের আবদুর রহমানের ছেলে।তত্তিপুর পুলিশ ফাঁড়ির দায়িতপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন বলেন, ফাঁড়ির সদস্যরা সকালে বাইরে বসে রোদ পোহাচ্ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে একটি গুলির শব্দ শুনে তাঁরা শোবার ঘরে গিয়ে দেখেন, আনসার সদস্য আজিজুলের রক্তাক্ত দেহ বিছানার পাশে পড়ে আছে।জাহাঙ্গীর হোসেনের দাবি, দীর্ঘদিন ধরে ওই আনসার সদস্য হতাশায় ভুগছিলেন। নিজের অস্ত্র দিয়ে তিনি আত্মহত্যা করেছেন।স্থানীয় ব্যক্তিদের অনেকে জানিয়েছেন, তত্তিপুর পুলিশ ফাঁড়ির সদস্যদের প্রায়ই গোলমাল করতে দেখেছেন তাঁরা। আজিজুলের মৃত্যুর ঘটনায় ফাঁড়ির কেউ জড়িত থাকতে পারে বলে তাঁদের সন্দেহ।বেলা দুইটার দিকে আজিজুলের লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।সহকারী পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) মোস্তাফিজুর রহমান বলেন, আজিজুলের কাছে অস্ত্র ছাড়াও ৫০টি গুলি ছিল। ঘটনার পর তল্লাশি চালিয়ে ৪৯টি গুলি পাওয়া যায়।এটি হত্যা না আত্মহত্যা জানতে চাইলে সহকারী পুলিশ সুপার জানান, এটি আত্মহত্যা। হত্যা হতে পারে—এমন কোনো আলামত পাওয়া যায়নি।